কানাডার
কুইবেকে মসজিদে ছোড়া গুলিতে হতাহত হওয়ার ঘটনাকে মুসলমানদের ওপর সন্ত্রাসী
হামলা হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক
বিবৃতিতে তিনি এর নিন্দা জানিয়ে বলেন, ‘এটি একটি গভীর শোক, দুঃখ ও ক্রোধ
সৃষ্টিকারী ঘটনা।’ তিনি আরো বলেন, ‘মুসলিম-কানাডিয়ানরা আমাদের জাতিগত
কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের অবিবেচক কাজ আমাদের সমাজ, শহর, দেশ-
কোথাও স্থান পাবে না।’ স্থানীয় সময় রোববার রাতে নামাজের সময় কুইবেক সিটি
ইসলামিক কালচারাল সেন্টারে বন্দুকধারীরা নির্বিচারে গুলি ছোড়ে।
এতে ছয়জন
নিহত ও আটজন আহত হন। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়ানগুই তাৎক্ষণিকভাবে
সাংবাদিকদের জানিয়েছিলেন, গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী
জানিয়েছিলেন, কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের ভেতরে থাকা অন্তত ৪০
জন মানুষের ওপর জনা তিনেক বন্দুকধারী নির্বিচারে গুলি ছোড়ে। এখন কুইবেক
প্রাদেশিক পুলিশ বলেছে, গুলিতে ছয়জন নিহত হয়েছেন। তাদের বয়স ৩৫ থেকে ৭০
বছরের মধ্যে হবে। এ ছাড়া আটজন আহত হয়েছেন। ৩৯ জন অক্ষত। হামলায় জড়িত থাকার
সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। তাদের
নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ ছাড়া হামলার উদ্দেশ্য সম্পর্কেও
কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

No comments:
Post a Comment