Monday, January 16, 2017

আতিকুরকে ফের রিমান্ডে চায় পুলিশ

 ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৫ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। বুধবার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে প্রথম দফায় ৫দিনের রিমান্ড শেষ হয় গত শুক্রবার। রিমান্ড শেষে সেদিনই তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত। নাসিরনগর থানার এসআই মো. ইশতিয়াক আহমেদ জানান, আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে আদালতে। বুধবার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
আঁখি হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি যুবলীগের জেলা কমিটির সাবেক সদস্য। তার মদের কারবারও রয়েছে। গত ৫ জানুয়ারি ঢাকা থেকে আঁখিকে আটক করে পুলিশ। পরে তাকে গত ৩০ অক্টোবর নাসিরনগরের গৌরমন্দির ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়। গৌরমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে করা এই মামলার সকল আসামি অজ্ঞাত উল্লেখ করা হয়। এদিকে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় পুলিশের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার রসরাজ দাসের জামিন শুনানি  সোমবার অনুষ্ঠিত হবে। গত ৩ জানুয়ারি রসরাজের জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য্য থাকলেও এদিন আদালত রসরাজের উপস্থিতিতে ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন। ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ ছবি পোস্ট করার অভিযোগে গত বছরের ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

No comments:

Post a Comment