Saturday, January 14, 2017

জয়পুরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জয়পুরহাটের কালাইয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ‘বাঁশের ব্রিজ’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালাইয়ের বাঁশের ব্রিজ এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে জয়পুরহাটগামী এইচআর এন্টারপ্রাইজ নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের এক নারী যাত্রীসহ দুইজন নিহত এবং উভয় বাসের অর্ধশতাধিক যাত্রী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জানান, রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহত এক নারীর মরদেহ তাদের স্বজনরা নিয়ে যায়।
অন্য এক পুরুষের মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় উভয় বাসের অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলেও জানান তিনি। এ ব্যাপারে কালাই থানার ওসি (তদন্ত) বিশ্বজিত বর্মন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একজনের মৃতদেহ উদ্ধার করেছে। নিহত নারী যাত্রীর মৃতদেহ নিয়ে যাওয়ার বিষয়টি তাদের জানা নেই। অধিকাংশ যাত্রী আহত হওয়ায় তাৎক্ষণিকভাবে আহতের মোট সংখ্যা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

No comments:

Post a Comment