পুলিশ
কর্তৃক নেতাকর্মীদের নামে কাল্পনিক মামলা দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে
অভিযোগ করেছে যশোর জেলা বিএনপি। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় যশোর
প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সংবাদ সম্মেলনে বলেন, ‘৫ জানুয়ারি
গণতন্ত্র হত্যা দিবস পালনে মিছিল ও সভা করার জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়।
এরপর ৫ জানুয়ারির আগে-পরে পুলিশ কাল্পনিক ঘটনার বর্ণনা দিয়ে চারটি মামলা
করেছে। এতে নগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের প্রায় ৮০
নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া ২৫-২৬ নেতাকর্মীকে আটক করে বিভিন্ন
মামলায় চালান দিয়েছে পুলিশ।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী শাসক দলকে
রক্ষা করার জন্য বল্গাহীনভাবে বিরোধী মতাবলম্বীদের নামে মামলা দিচ্ছে।
কিন্তু এভাবে কোনো রাজনৈতিক দলকে স্থবির ও শাসকদের রাষ্ট্র ক্ষমতায়
দীর্ঘস্থায়ী করা যাবে না।’ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি
শামসুল হুদা, সহসভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার
হোসেন খোকন, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা কমিটির সভাপতি
মোহাম্মদ নূরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজমসহ নেতারা উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment