নির্বাচন
কমিশন (ইসি) গঠন নিয়ে আওয়ামী লীগের পক্ষে প্রস্তাব ও সুপারিশমালা তৈরির
জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার আওয়ামী লীগের এক সংবাদ
বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয়
কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলীর এক যৌথসভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি
ইমামকে। কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার শফিক আহমেদ, ড. মহীউদ্দীন
খান আলমগীর, মো. রশিদুল আলম, মোহাম্মদ জমির, মো. আবদুল বাসেত মজুমদার,
সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুল মান্নান
খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন
খসরু এমপি। এই কমিটি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত
প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়ন করে সংগঠনের সভাপতি শেখ হাসিনার কাছে
উপস্থাপন করবেন। আগামী ১১ জানুয়ারি নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে
রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত
হবে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের
প্রতিনিধি দল মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

No comments:
Post a Comment