গত
বছর ডিসেম্বর চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া
নিউজিল্যান্ডের সামনে এখন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধের সুযোগ
এসেছে। সোমবার থেকে অকল্যান্ডে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই
আত্মবিশ্বাসী ব্ল্যাক ক্যাপসদের দেখতেই মুখিয়ে আছে সমর্থকরা। কোচ মাইক
হেসনও তেমনটাই প্রত্যাশা করেন, ‘কিছুদিন আগে আমরা তাদের মোকাবেলা করেছি,
কিন্তু সেখানে নিজেদের সেরাটা দিতে পারিনি। সম্ভবত প্রত্যাশামত কিছুই হয়নি।
এটা আমাদের জন্য অনেক বড় একটি সিরিজ। ঘরের মাঠের বিপুলসংখ্যক দর্শকের
সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি সত্যিকার অর্থেই আমাদের জন্য বেশ
গুরুত্বপূর্ণ।’
যদিও অস্ট্রেলিয়ার সামনে এখন গুরুত্বপূর্ণ হলো ভারতীয় সফর
যেখানে তারা ২০০৪ সালের পর থেকে জিততে পারেনি। ইতোমধ্যেই ভারতীয় সফরকে
সামনে রেখে সহ-অধিনায়ক ডেভ ওয়ার্নার ও ব্যাটসম্যান উসমান খাজাকে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেয়া হয়েছে। গোঁড়ালির ইনজুরির কারনে
অধিনায়ক স্টিভেন স্মিথও দল থেকে ছিটকে গেছেন। উইকেটরক্ষক ম্যাথু ওয়েড
নিউজিল্যান্ডে দলকে নেতৃত্ব দিবেন। এছাড়া দলে ডাকা হয়েছে তরুন প্রতিভা
স্যাম হিজলেটকে। তবে ওয়ার্নারকে ছাড়া অস্ট্রেলিয়ান দলের মুখোমুখি হতে
কিছুটা হলেও স্বস্তির নি:শ্বাস ফেলতে পারে ব্ল্যাক ক্যাপসরা। ডিসেম্বরে তিন
ম্যাচে ৯৯.৬৬ গড়ে ২৯৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ডকে মূলত একাই গুড়িয়ে
দিয়েছিলেন ওয়ার্নার। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর দলটি ইতোমধ্যেই আসন্ন
সিরিজের দল ঘোষনা করেছে। র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকা কিউইদের
মোকাবেলা করতে তারা দলে ডেকেছে এ্যারন ফিঞ্চ ও শন মার্শকে। পাকিস্তানের
বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে খেলতে
আসছে। কিন্তু কাগজে-কলমে দুর্বল দল হলেও হেসন কোনোভাবেই প্রতিপক্ষকে খাটো
করে দেখছেন না। এখনো অসি দলে ভাল খেলোয়াড় রয়েছে বলেই হেসন বিশ্বাস করেন।
কিন্তু হেসন বিশ্বাস করেন বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ থেকে
স্বাগতিকরা আত্মবিশ্বাস নিতেই পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের
থেকে এবার কিউইদের ব্যাটিং লাইন-আপও বেশ শক্তিশালী। দলে ফিরেছেন রস টেইলর ও
নিল ব্রুম। চোখের অস্ত্রোপচারের কারনে টেইলর অস্ট্রেলিয়ায় খেলেননি।
অন্যদিকে ছয় বছর পরে বাংলাদেশের বিপক্ষে দলে ফিরেই নিজেকে প্রমান করেছেন
ব্রুম। বৃহস্পতিবার নেপিয়ারে দ্বিতীয় ও রোববার হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডে
অনুষ্ঠিত হবে।

No comments:
Post a Comment