টুঙ্গিপাড়ায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ভ্যান চালক ইমাম শেখের স্বপ্ন পূরণ
হতে যাচ্ছে। যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কোনো পদে তার জন্য
চাকরির ব্যবস্থা হচ্ছে। রোববার বেলা ১১টার দিকে যশোরে বিমান বাহিনীর
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় তাকে। প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নির্বাচনী এলাকার প্রতিনিধি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক
সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহর গোপালগঞ্জের বাসভবনে বিমান বাহিনীর ৪
সদস্যের একটি প্রতিনিধি দলের কাছে ইমাম শেখকে তুলে দেয়া হয়। এ সময় জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সহ-সভাপতি শেখ রুহুল আমিন,
টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমাম শেখের ভ্যানে করে টুঙ্গিপাড়ার
বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন। সচিত্র এ খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ
হওয়ার পর ভাগ্যের চাকা ঘুরে যায় দরিদ্র এই ভ্যান চালকের। কাছে পেয়েও তার
মনের কথা প্রধানমন্ত্রী বলতে না পারার কষ্ট এখন আর তার নেই। না চাইতেই
প্রধানমন্ত্রীর কল্যাণে সবকিছু পেয়ে যাওয়ার আনন্দে আত্মহারা এখন ইমাম শেখ।
আবেগ আপ্ল–ত হয়ে ইমাম শেখ যুগান্তরকে বলেন,
আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার
একটি চাকরি হবে। প্রধানমন্ত্রী ওইদিন আমার ভ্যানে না উঠলে হয়তো সারা জীবন
আমার এ স্বপ্ন অপূর্ণই থেকে যেত। আমি মুরব্বিদের মুখে বঙ্গবন্ধুর কথা
শুনেছি। তিনি খুবই দয়ালু ছিলেন। তার কন্যা শেখ হাসিনা যে পিতার মতো দয়ালু
তার প্রমাণ আমি পেয়েছি। আমি ও আমার পরিবার প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
দোয়া করি আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে দীর্ঘায়ু দান করেন। জানতে চাইলে নাম
প্রকাশ না করার শর্তে বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, যোগ্যতা অনুযায়ী
ইমাম শেখের জন্য একটি চাকরির ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, দরিদ্র
ভ্যানচালক ইমাম শেখ প্রধানমন্ত্রীকে তার ভ্যানে চড়িয়ে টুঙ্গিপাড়ার গ্রাম
দেখিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে বকশিশ দেয়া হলেও সে তা
নিতে রাজি হয়নি। গরিব হলেও সে কোনো লোভ করেনি। প্রধানমন্ত্রী তার কথাবার্তা
ও আচরণে খুশি হয়ে তার জন্য একটি চাকরির ব্যবস্থা করছেন। এজন্য আমরা
প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরা আশা করছি এ চাকরির মাধ্যমে ইমাম শেখের
পরিবারের দুঃখ-কষ্ট ও অভাব-অনটন লাঘব হবে।

No comments:
Post a Comment