মানবতাবিরোধী
অপরাধের দায়ে নেত্রকোণার চারজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার তদন্ত সংস্থার
ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৫৪৬ পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ
করা হয়। মামলাটি তদন্ত করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য মো. বদরুল
আলম। অভিযুক্ত চারজন হলেন মো. খলিলুর রহমান (৭২),
মো. আজিজুর রহমান (৬৫),
আশক আলী (৮২) ও মো. শাহনেওয়াজ (৮৮)। এদের মধ্যে আসামি খলিলুর রহমান পলাতক
রয়েছেন। এছাড়া অপর অভিযুক্ত রমজান আলী গ্রেফতার থাকাকালে ঢাকা মেডিকেল
কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। আসামিদের বিরুদ্ধে নেত্রকোণার
দুর্গাপুর ও কলমকান্দা থানার বিভিন্ন এলাকায় হত্যা, ধর্ষণ, গণহত্যা, অবৈধ
আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী পাঁচটি
অভিযোগ আনা হয়েছে। সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান জানান, শিগগিরই এ
প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে হস্তান্তর করা হবে।
আসামীদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল তদন্ত শুরু হয়। অভিযুক্তদের
বিরুদ্ধে প্রায় দুই বছর তদন্ত শেষে রোববার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ
করা হল।

No comments:
Post a Comment