ওয়েলিংটনে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের ফলাফলের চেয়ে অধিনায়ক-উইকেটকিপার
মুশফিকুর রহীমের ইনজুরির খবরই বড় হয়ে ওঠেছিল। তবে শেষ খবর তার ইনজুরি
গুরুতর নয়। তিনি এমনকি হাসপাতালে থেকে ড্রেসিং রুমে ফিরেছেন বলেও একটি
সূত্র জানিয়েছে। আজ টিম সাউদির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি।
টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে, মুশফিকের মাথার নিচের অংশে ঘাড়ের দিকে বলটি
লেগেছিল। ঘাড়ে এক্স-রে করানো হয়েছে, তাতে কোনো সমস্যা ধরা পড়েনি। বর্তমানে
তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার আরেকবার পরীক্ষা করে তারপর রিলিজ
দেয়ার সিদ্ধান্ত দেবেন। ঘটনার সূত্রপাত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪৩ তম
ওভারে। বল হাতে আসেন টিম সাউদি। ইনিংসের শুরু থেকেই একের পর এক শর্ট বল
দিয়ে যাচ্ছিলেন তিনি।
বেশ কিছু বল ব্যাটসম্যানদের বডিলাইনেও করেছেন তিনি।
এই ওভারেও তার ব্যতিক্রম হলো না। তার বাউন্সটা ঠিক বুঝতে পারেননি মুশফিক।
শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিতে গেলে বল তার হেলমেটের পেছনের অংশে নীচের
দিকে আঘাত করে। প্রচণ্ড গতির বলের আঘাতে সাথে সাথেই মাটিতে পড়ে যান মুশি।
নিউজিল্যান্ডের ফিল্ডাররা ছুটে আসে। ছুটে আসেন ফিজিও। মাঠের বাইরে থেকে
ছুটে আসেন ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। মাঠেই কিছুক্ষণ চিকিত্সা দেয়া
হয় তাকে। কিন্তু উঠে দাঁড়ানোর শক্তি ছিল না আঙুলে চোট নিয়ে দেশের জন্য
খেলতে নামা মুশফিকের। তাই গতকালের পুনরাবৃত্তি দেখা গেল। মাঠে প্রবেশ করল
স্ট্রেচার। সীমানার বাইরে প্রস্তুত অ্যাম্বুলেন্স। এভাবেই মাঠ ছাড়তে হয়
বাংলাদেশ অধিনায়ককে।

No comments:
Post a Comment