ভারতের
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিতে (সপা) দলীয় প্রতীক ‘সাইকেল’ নিয়ে
পিতা-পুত্রের মধ্যে কোন্দলের অবসান হয়েছে নির্বাচন কমিশনের রায়ে। এবার
রাজ্যটিতে মহাজোট গঠনের ফর্মুলা প্রকাশ্যে এসেছে। কংগ্রেসের সঙ্গে জোট গড়তে
যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও সপার নতুন নেতা অখিলেশ সিং যাদব। সোমবার
সন্ধ্যায় কমিশনের সিদ্ধান্ত জানার পরই অখিলেশকে ফোন করে অভিনন্দন জানান
কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। রাহুলের ফোনে খুশি হয়ে অখিলেশ বলেন, ‘খুব
শিগগিরই আমরা আসন সমঝোতা নিয়ে আলোচনায় বসব।’ মঙ্গলবার এনডিটিভিকে অখিলেশ
বলেন, ‘একদিন বা দুই দিন পরই কংগ্রেসের সঙ্গে জোটের ঘোষণা আসতে যাচ্ছে।’
আগামী মাসের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোটকে যৌথ প্রচারণায়ও দেখা
যাবে। নির্বাচনী প্রচারণায় নামবেন অখিলেশের স্ত্রী কনৌজের সাংসদ ডিম্পল
যাদব ও রাহুলের বোন প্রিয়াংকা গান্ধী। প্রতীক নিয়ে কমিশনের রায়ের পর
অখিলেশকে অভিনন্দন জানিয়ে মমতা ব্যানার্জি ও লালু প্রসাদ জানান, এর ফলে
বিজেপিবিরোধী বৃহত্তর জোটের পথ খুলে গেছে। অখিলেশের ঘনিষ্ঠ সূত্রের খবর,
বুধবার (আজ) জোটের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। সপা-কংগ্রেস জোটে যোগ দিতে
পারে অজিত সিংহের রাস্ট্রীয় লোক দল (আরএলডি) এবং লালু প্রসাদের রাষ্ট্রীয়
জনতা দল (আরজেডি)।
কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়ার ব্যাপারে
অখিলেশ উৎসাহী হলেও আপত্তি ছিল পিতা মুলায়ম সিং যাদবের। জানা গেছে,
উত্তরপ্রদেশে মোট ৪০৩ আসনের মধ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি ৩০০ আসনে লড়বে
এবং কংগ্রেসের জন্য ছেড়ে দেবে ৭৫-৮০টি আসন। অন্যদিকে, সমাজবাদী পার্টি
আরএলডিকে ২০টি আসন দিতে চায়। কিন্তু দলটির পক্ষ থেকে ২৮ আসনের দাবি জানানো
হয়েছে। বিষয়টি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। কংগ্রেস কোন কোন আসনে
লড়তে চায়, তা নিয়ে দু’দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে সমঝোতা চলছে বলে জানা
গেছে। আরএলডিকে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের বেশি আসন দেয়া হবে বলে শোনা
যাচ্ছে। আরজেডির পছন্দ বিহার সংলগ্ন পূর্বাঞ্চলের কিছু আসন। জোটে আরএলডি
এবং আরজেডি দলের যোগ দেয়ার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সপা সূত্রের খবর,
নির্বাচনী প্রচারণায়ও জোটের উপস্থিতি লক্ষ্য করা যাবে। উত্তরপ্রদেশের
বিভিন্ন জনসভা মঞ্চে অখিলেশ এবং রাহুলকে একসঙ্গে দেখা যাবে। একইভাবে
অখিলেশের স্ত্রী ডিম্পল এবং রাহুলের বোন প্রিয়াংকাও একসঙ্গে জনসভা করবেন।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে ফোন করেছিলেন অখিলেশ। মমতার কাছ
থেকে তিনি আশীর্বাদ নিয়েছেন বলে জানা গেছে। তৃণমূল নেত্রী নতুন সপা নেতাকে
জানিয়েছেন, তিনি সব সময় পাশে থাকবেন। উত্তরপ্রদেশের নির্বাচনে সপা-কংগ্রেস
জোটকে সমর্থন করলেও, এবার তৃণমূল নিজে কোনো প্রার্থী দেবে না বলেও শোনা
যাচ্ছে।

No comments:
Post a Comment