Tuesday, January 24, 2017

পুঁটুলিতে শিশু, কুকুরের চিৎকারে রক্ষা

ভারতের কলকাতার দমদম রেল জংশন থেকে কয়েক সপ্তাহ বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। কয়েকটি কুকুরের চিৎকার শুনে ওই শিশুটিকে পুঁটুলিতে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। ওই এলাকার বাসিন্দারা জানায়, সন্ধ্যার পরে কয়েকটি কুকুরের চিৎকার করতে থাকে তরুণ সংঘ ক্লাব লাগোয়া এমসি গার্ডেন এলাকায়। এমন চিৎকার তো প্রতিদিনই করে কুকুরের দল। তাই চিৎকার শুনে প্রথমে তেমন আমল দেননি বাসিন্দারা। কিন্তু বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরে দু'একটি কুকুর রাস্তায় উঠে আসে, এমনকি কারও কারও বাড়ির সামনেও চেঁচামেচি করতে থাকে। তখনই বিশ্বজিৎ পাত্র, রমা চক্রবর্তীরা বাইরে বেরিয়ে আসেন। বিশ্বজিৎ বলেন, ‘কুকুরগুলোর পেছনে পেছনে এগিয়ে দেখি কোণের দিকে ফাঁকা জায়গাটায় কাপড়ে জড়ানো একটা পুঁটুলি পড়ে আছে।
সেটি ঘিরে অনেকগুলো কুকুর। পুঁটুলি থেকে খুব আস্তে কুঁই কুঁই করে কান্নার শব্দ আসছে।’ প্রথমে বিশ্বজিৎ ভেবেছিলেন, বেড়ালের বাচ্চা-টাচ্চা হবে। কাছে গিয়ে চক্ষু তো ছানাবড়া। এতো মানুষের বাচ্চা। দামি চাদরে মোড়া। ডায়াপার পরানো। যত্ন করে বাচ্চাটাকে তুলে তরুণ সংঘের চাতালে নিয়ে আসেন বিশ্বজিৎ। জড়ো হয় একে একে অনেকে। খবর যায় দমদম থানায়। পুলিশ জানায়, আদালতের অনুমতি ছাড়া বাচ্চাকে কেউ রাখতে পারবে না। পুলিশের পরামর্শে পাড়ার লোকেরা হাসপাতালে নিয়ে যান শিশুটিকে। চিকিৎসকেরা জানান, কয়েক সপ্তাহ বয়স হবে ছেলেটির। পুলিশের ধারণা, কোনো সমস্যায় পড়ে কেউ ফেলে রেখে যেতে পারে শিশুটিকে। আবার চুরি করে ফেলে রেখে যাওয়ার আশংকাও করছেন তারা।

No comments:

Post a Comment