সেল্তার
মাঠে খেলতে নামা অতিথি রিয়াল মাদ্রিদ ২-২ গোলে ড্র করে শেষ পর্যন্ত কোপা
দেল রের শেষ চার থেকে ছিটকে গেল। ঘরের মাঠে হেরে যাওয়া রিয়াল জয়ের আশা
নিয়েই মাঠে নেমেছিল। তবে শেষ পর্যন্ত আর ভাগ্য সুপ্রসন্ন হয়নি জিদান
শিষ্যদের প্রতি। আত্মঘাতী গোলের খেসারত দিয়ে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে
ড্র করে সেমিফাইনাল থেকে ছিটকে গেল ইউরোপ সেরারা। দুই লেগ মিলিয়ে ৪-৩
ব্যবধানে জিতে শেষ চারে ওঠে সেল্তা ভিগো। প্রথম লেগে সান্তিয়াগো
বের্নাবেউয়ে ২-১ গোলে জিতেছিল তারা। ম্যাচের ৩৫তম মিনিটেই ভুলের খেসারত
দিতে বসেছিল অতিথিরা। তবে শেষ পর্যন্ত বেঁচে যায় রিয়াল। খানিক বাদে আরেক
দফা রক্ষা রিয়ালের। দারুণ এক পাল্টা আক্রমণে ডি বক্সে ঢুকে জোরালো শট নেন
সুইডিশ ফরোয়ার্ড গিদেত্তি।
বাঁ-দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান কিকো
কাসিয়া। ৪৪তম মিনিটে সুইডিশ ফরোয়ার্ড গিদেত্তির নীচু শট ঠেকিয়ে দিয়েছিলেন
কাসিয়া; কিন্তু ফিরতি বল বাঁ-দিক দিয়ে ছুটে আসা দানিলোর পায়ে লেগে জালে
ঢুকে যায়। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অতিথিরা। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু
করা রিয়াল আক্রমণে ধার বাড়ায়। তবে নিশ্চিত কোনো সুযোগ মিলছিল না। অবশেষে
৬২তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে দলকে সমতায় ফেরান রোনাল্ডো। পরের পাঁচ
মিনিটে এগিয়ে যাওয়ার দুটি সুযোগ হারায় রিয়াল। ৮৫তম মিনিটে ফের পিছিয়ে পড়ে
রিয়াল। নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন দানিয়েল ভাস। দুই লেগ মিলিয়ে ৪-২
ব্যবধানে পিছিয়ে পড়া রিয়ালের সব আশা মূলত ওখানেই শেষ হয়ে যায়। তারপরও
নির্ধারিত সময়ের শেষ মিনিটে হেডে বল জালে জড়িয়ে নাটকীয় কিছুর সম্ভাবনা
জাগান বদলি নামা লুকাস ভাসকেস। শেষ পর্যন্ত অবশ্য আর কিছুই হয়নি। দিনের
অন্য ম্যাচে এইবারের মাঠে ২-২ গোলে ড্র করে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে
অ্যাতলেটিকো মাদ্রিদ।

No comments:
Post a Comment