Tuesday, January 31, 2017

ইরানি নাগরিকদের জন্য ভিসা দ্বিগুণ করবে ফ্রান্স

চলতি বছর ইরানি নাগরিকদের জন্য ভিসা দ্বিগুণ করবে ফ্রান্স। তেহরান সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-মার্ক আইরুল্ত এ ঘোষণা দিয়েছেন। ইরানসহ সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দৃশ্যত এ ঘোষণা দিল প্যারিস। তেহরানে প্রবাসী ফরাসি নাগরিকদের এক সমাবেশে আইরুল্ত বলেছেন, “শরণার্থীদের প্রবেশ করতে দেয়া একটি দায়িত্ব এবং এখানে সংহতি প্রদর্শনের প্রশ্ন জড়িত।” তিনি আরো বলেন, “সন্ত্রাসীদের কোনো জাতীয়তা নেই এবং বৈষম্যমূলক আচরণ তার কোনো জবাব নয়।” আইরুল্ত বলেন,
অন্য দেশের নাগরিকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা আমেরিকার উচিত নয়। কিন্তু ট্রাম্পের নির্বাহী আদেশে সে আচরণই প্রকাশ পেয়েছে। ফ্রান্সের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০১৬ সালে ফ্রান্স ভ্রমণের জন্য ৪০ হাজার ইরানি নাগরিক ভিসা পেয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, চলতি ২০১৭ সালে এই ভিসা ৮০ হাজারে গিয়ে পৌঁছাবে। পর্যটক, ছাত্র ও কর্মজীবীদের জন্য এসব ভিসা ইস্যু করা হবে। একটি শক্তিশালী রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিনিধিদল নিয়ে সোমবার রাতে তেহরানে পৌঁছেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আইরুল্ত। দুই দিনের এ সফরে তিনি প্রেসিডেন্ট হাসান রুহানি, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।
সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment