ক্যান্সারে
আক্রান্ত মোশারেফ মোল্যা (৪০) মঙ্গলবার সকালে মারা যান। এদিনই মেয়ে হীরা
খাতুনের এসএসসি পরীক্ষা। বাবার মরদেহ বাড়িতে রেখে যশোরের অভয়নগর উপজেলার
নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশ
নিয়েছে হীরা। সে উপজেলার মহাকাল স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখার
শিক্ষার্থী ও চেঙ্গুটিয়া গ্রামের মোশারেফ মোল্যার মেয়ে। কেন্দ্র ও পরিবার
সূত্রে জানায়, শিক্ষার্থী হীরা খাতুনের বাবা দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার
রোগে ভুগছিলেন।
হীরা খাতুনের ( রোল নং- ৫১৫৮৮২) শারীরিক শিক্ষা,
স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের পরীক্ষা ছিল। পরে ফুফু লাকী সুলতানা ও
খালা নূরজাহান বেগমকে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নেয় সে। সকালে কেন্দ্রে
যাওয়ার পথে হীরা খাতুন অঝোরে কাঁদতে থাকে। এ সময় বার বার সে বলতে থাকে-
বাবার লাশ বাড়িতে রেখে কীভাবে পরীক্ষা দেব? ঘড়িতে ১০টা বাজার ১০ মিনিট আগে
পরীক্ষা কেন্দ্রের দোতলা ভবনের ১৪ নং কক্ষে গিয়ে নিজ আসনে বসে হীরা খাতুন।
হীরা খাতুনের ফুফু লাকী সুলতানা জানান, হীরার বাবা মোশারেফ মোল্যা
রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন। খুব কষ্টে ওদের সংসার চলে। হীরা
পরীক্ষা শেষ করে বাড়িতে পৌঁছালে তারপর বাবার মরদেহ দাফন করা হবে।

No comments:
Post a Comment