Tuesday, February 28, 2017

চিলির ৪০ লাখ মানুষ পানি সংকটে

অতিরিক্ত ঝড়-বৃৃষ্টি ও ভূমিধসের কারণে নদীর পানি ঘোলাটে হয়ে যাওয়ায় চিলির রাজধানী সান্তিয়াগোর মানুষের পানি সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে তীব্র পানি সংকটে পড়েছে শহরের অন্তত ৪০ লাখ মানুষ। এছাড়া টানা ভারি বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যায় অন্তত তিনজন মারা গেছেন এবং ১৯ জন নিখোঁজ রয়েছেন।
রোববার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ও গার্ডিয়ান এ খবর জানিয়েছে। সান্তিয়াগো শহরের পানির মূল উৎস স্থানীয় মাইপো নদীর পানি। কিন্তু সম্প্রতি তীব্র ঝড়-বৃষ্টি ও ভূমিধসের কারণে এ নদীর পানি ঘোলাটে হয়ে গেছে, যা পান কিংবা ব্যবহারের জন্য অনুপযুক্ত। এমনকি পরিশোধন করেও ঘোলাটে ভাব দূর করা সম্ভব হচ্ছে না। ফলে চিলি সরকার সান্তিয়াগোবাসীর পানি সংযোগ বন্ধ করে দিতে বাধ্য হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, যতদিন মাইপো নদীর পানি স্বাভাবিক না হচ্ছে, ততদিন শহরের পানি সংযোগ বন্ধ থাকবে। শহরবাসীকে বোতলজাত পানি ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়েছে। পানির অতিরিক্ত ব্যবহার কমাতে স্থানীয় স্কুল, রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে বলা হয়েছে।
সান্তিয়াগোর আঞ্চলিক গভর্নর ক্লাউডিও ওরিগো বলেন, ‘পানি সংযোগ বন্ধ করে দেয়ার ফলে স্থানীয় ৩০টি জেলার সাড়ে ১৪ লাখ পরিবার পানি সংকটে পড়েছে। কিন্তু আমরা এখনও জানিনা, ঠিক কখন এ পরিস্থিতি স্বাভাবিক হবে। এটা পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভর করছে।’ এদিকে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন ১৯ জন। পাহাড়ি নদীগুলোর পানি উপচে পড়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাতে চিলির দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, প্রবল বৃষ্টিতে রাজধানী সান্তিয়াগোর নিকটবর্তী পাহাড়ি উপত্যকার নদীগুলোতে বন্যা দেখা দেয়। ফলে বেশ কয়েকটি গ্রাম জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। টুইটারে চিলির প্রেসিডেন্ট মিশেল বাসেলেট বলেছেন, ‘জরুরি বিভাগের দলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করছে এবং যেখানে যেখানে সম্ভব পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছে।’

No comments:

Post a Comment