দক্ষিণ
কোরিয়ার রাজনীতিতে ফের নাটকীয়তা শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ও
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিও আহনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ দানা
বাঁধছে। এমন পরিপ্রেক্ষিতে তাকে অভিশংসনের উদ্যোগ গ্রহণ করছে বিরোধী
দলগুলো। দক্ষিণ কোরিয়ার সরকারি গণমাধ্যম ইয়নহাপ সোমবার এক প্রতিবেদনে
জানায়, প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অন্য বিরোধী দলগুলোর সহযোগিতায়
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিওকে অভিশংসন করতে চাচ্ছে। সাবেক
প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের দুর্নীতি বিষয়ে চলমান তদন্ত নির্ধারিত ২৮
ফেব্রুয়ারিতেই শেষ হবে বলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিওর ঘোষণার পরই
তার অভিশংসন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের অভিশংসন
উদ্যোগ নিয়ে বিস্ময় প্রকাশ করে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী
অধ্যাপক রবার্ট কেলি বলেন, ‘সত্য বলতে কি আমি জানতামই না যে, একজন
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে অভিশংসিত করা যায়। এটা সংকটকে
আরও ঘনীভূত করবে মাত্র।’ সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের দুর্নীতি
নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘তার দুর্নীতির কেলেঙ্কারি এতই ব্যাপক যে এটা যে
কারও চিন্তার বাইরে। আর তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে যতটুকু সময় দরকার তা
দেয়া উচিৎ।’
এদিকে সোমবার দেশটির আদালতে পার্কের দুর্নীতির বিষয়ে শেষ
শুনানি অনুষ্ঠিত হয়। ৬৫ বছর বয়সী পার্কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত
বছরের ডিসেম্বরে তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল। ভারপ্রাপ্ত
প্রেসিডেন্ট সোমবার ঘোষণা করেন পার্কের দুর্নীতি তদন্ত পূর্বনির্ধারিত ২৮
ফেব্রুয়ারি শেষ হবে এবং এক্ষেত্রে আর কোনো সময় বাড়ানো হবে না। গত ডিসেম্বরে
পার্লামেন্টের নিয়োগ দেয়া বিশেষ তদন্তকারী দল বলেছে, তদন্ত প্রতিবেদন
দাখিল করবেন কিনা সে বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেবেন। তদন্তকারী দল অনেক
বিষয় তদন্ত করে দেখছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং
কোম্পানির প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বান্ধবী চোই সুন সিলকে ঘুষ
দিয়েছিলেন কিনা, সেই অভিযোগও রয়েছে।

No comments:
Post a Comment