Monday, February 6, 2017

কে এই ‘তথাকথিত’ বিচারপতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দিয়ে রোষানলে পড়েছেন সিয়াটলের ফেডারেল বিচারপতি জেমস রবার্ট। ক্রুদ্ধ ট্রাম্প রবার্টকে ‘তথাকথিত বিচারক’ ও তার রায়কে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করেছেন। ফলে অনেকের মনেই প্রশ্ন জেগেছে কে এই বিচারপতি জেমস রবার্ট? এর জবাব খুঁজেছে ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে শুনানির সময় বিচারপতি গলায় ধনুকাকৃতির টাই পরেছিলেন। আলাপ শুরু করেছিলেন কৌতুক দিয়ে, আর রায় দিলেন বজ পাতের মতো অকস্মাৎ। রবার্ট জেমসের চরিত্র এমনই। নরম কথা বলতে বলতেই কঠিন ঘোষণা দিয়ে ফেলতে পারেন।
এক যুগেরও বেশি সময় ধরে বিচারকার্য পরিচালনা করছেন ৬৯ বছর বয়সী জেমস রবার্ট। তিনি একজন রিপাবলিকান। ২০০৪ সালে জর্জ ডব্লিউ বুশের আমলে তিনি ওয়াশিংটনের পশ্চিমাঞ্চলীয় জেলা আদালতে নিয়োগ পান। ২০০৩ সালে বিচারপতি নিয়োগের একটি সংক্ষিপ্ত তালিকা থেকে রবার্ট জেমসকে বেছে নিয়েছিলেন দ্বিদলীয় নিয়োগ কমিটি। পরের বছর সিনেটে ৯৯-০ ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়। নিউইয়র্ক টাইমস জানায়, নব্বইয়ের দশকে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় বিচারপতি নিয়োগে ডেমোক্রেট ও রিপাবলিকান দলের সমান সংখ্যক প্রতিনিধিত্ব নিয়ে নিয়োগ কমিটি করা হয়। ওই নিয়োগ কমিটি এখনও চালু আছে। তবে ট্রাম্পের আমলে তা বন্ধ হওয়ার সংশয় রয়েছে। জর্জ টাউন ইউনিভার্সিটি ল সেন্টার থেকে ১৯৭৩ সালে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন জেমস রবার্ট। সিয়াটলের আইনজীবীরা তাকে ‘বিচারকের বিচারক’ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল, যিনি রিপাবলিকান রাজনীতিতে সক্রিয়, বলেছেন, ‘বিচারপতি জেমস রবার্ট অত্যন্ত স্মার্ট, চিন্তাশীল ও খুব নরম মেজাজের মানুষ।’

No comments:

Post a Comment