রুশ
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনে দেয়া এক বক্তব্যের সাফাই গাইতে
গিয়ে যুক্তরাষ্ট্রের কুৎসা গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষিপ্ত
হয়ে তিনি বলেছেন, ‘আমাদের দেশ কি একেবারে নিষ্পাপ?’ শনিবার ফক্স নিউজের বিল
ও’ রেইলিকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সাক্ষাৎকারে পুতিনকে নিয়ে আলোচনার সময়
এক প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (পুতিন) একজন খুনি।’ জবাবে ট্রাম্প বলেন,
‘অনেক খুনিই আছেন। আপনি কি মনে করেন, ‘আমাদের দেশ খুব নিষ্পাপ?’ তিনি বলেন,
‘আমি মনে করি, আমাদের দেশেও অনেক খুনি রয়েছে। বর্তমানে বিশ্বজুড়েই বোকামি
চলছে, খুন-খারাপি চলছে, খুব বেশি মাত্রায় বোকামি চলছে।’ পুতিনের সম্পর্কে
ট্রাম্প বলেন, ‘সে (পুতিন) তার দেশের নেতা। আমি বলব, রাশিয়াকে এড়িয়ে চলার
চেয়ে তাকে সঙ্গে নিয়ে চলাটাই ভালো হবে। রাশিয়া যদি আমাকে আইএসের (ইসলামিক
স্টেট) বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করে, যেটি একটি উল্লেখযোগ্য এবং বিশ্বজুড়ে
ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় যুদ্ধ, তাহলে ভালোই হবে। আমি তাকে
শ্রদ্ধা করি। আমি আরও অনেক লোকজনকেই শ্রদ্ধা করি।
কিন্তু তার মানে এই নয়
যে, তাদের সবার সঙ্গে আমি একভাবেই চলি।’ এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। তাদের কথোপকথনে প্রাধান্য পায় বৈশ্বিক সন্ত্রাসবাদ ও
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) প্রসঙ্গ। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই
আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ সূচনা’ হিসেবে অভিহিত করা হয় এবং দুই দেশের সম্পর্ক
‘মেরামতের প্রয়োজন’ বলেও বর্ণনা করা হয়। ট্রাম্প পুতিনের সাফাই গাইলেও
জাতিসংঘে নিযুক্ত তার দূত রাশিয়ার কড়া সমালোচনা করেছেন। ট্রাম্পের নিয়োগ
দেয়া নিকি হ্যালি বলেছেন, ইউক্রেনে আগ্রাসী আচরণ করছেন পুতিন। পুতিনের
সমর্থনে এবারই প্রথম মুখ খোলেননি ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প
তার বক্তব্যে ওবামা ও পুতিনের তুলনায় বলেন, ‘রুশ প্রেসিডেন্ট আমাদের
প্রেসিডেন্ট থেকে অনেক ভালো।’ তিনি আরও বলেন, নিজ দেশের ওপর তার (পুতিন)
অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে। ৮২ শতাংশ জনগণের সমর্থন পুতিনের সঙ্গে রয়েছে বলেও
তিনি উল্লেখ করেন। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরেও পুতিনের প্রতি নিজের
শ্রদ্ধার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তিনি আরও বলেছিলেন, এটা তার জন্য খুবই
গর্বের বিষয় যে, পুতিন তাকে ‘প্রতিভাবান’ বলে উল্লেখ করেছেন। সাবেক মার্কিন
প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথা দাবি
করছে। তাদের দাবি, ট্রাম্পকে জয়ী করার জন্যই পুতিন মার্কিন নির্বাচনে
হস্তক্ষেপ করেছেন।

No comments:
Post a Comment