সীমিত
ওভারের ক্রিকেটে বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস এখন আর
কেউ দেখান না। রঙিন পোশাকে গত তিন বছরে বাংলাদেশের ঝলমলে পারফরম্যান্স
নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছে। কিন্তু টেস্টে এখনও ঠিক বড় দলের কাতারে
উঠে আসতে পারেনি বাংলাদেশ। মূল সমস্যাটা অনভিজ্ঞতা। নিয়মিত টেস্ট খেলার
সুযোগ না মেলায় পাঁচদিনের ক্রিকেটের ভাষাটা এখনও পুরোপুরি রপ্ত করতে
পারেননি সাকিব, তামিমরা। তবে এর মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ
নিউজিল্যান্ড সফরেই সেটা দেখা গেছে। আজ ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট
খেলতে নামল বাংলাদেশ। টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দলের সঙ্গে নয় নম্বর
দলের লড়াইয়ে পরিষ্কার ফেভারিট স্বাগতিক ভারত। কিন্তু তার অর্থ এই নয় যে,
শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য ভারতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। আগেরদিন
বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছিলেন, ‘আমাদের হারানোর কিছু নেই,
কিন্তু পাওয়ার আছে অনেক কিছু।’ কিন্তু রবি শাস্ত্রী শোনালেন অন্য কথা।
হায়দরাবাদ টেস্ট থেকে নাকি শুধু অভিজ্ঞতাই পাওয়ার আছে বাংলাদেশের! ভারতীয়
দলের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর শাস্ত্রী বাংলাদেশের টানা পাঁচদিন ভালো
খেলার সামর্থ্য নিয়েই সন্দিহান। তবে সরাসরি বাংলাদেশের সমালোচনা করেননি
তিনি। উল্টো বলেছেন, বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। হায়দরাবাদ
টেস্টে তিনি বাংলাদেশের কোনো সুযোগ দেখছেন না শুধু অনভিজ্ঞতার কারণে। ভারত
অধিনায়ক বিরাট কোহলি ও কোচ অনিল কুম্বলের কথায়ও উঠে এসেছে অনভিজ্ঞতার
বিষয়টি। একই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে মুগ্ধতাও ঝরেছে তাদের কণ্ঠে।
বাংলাদেশের লড়াই করার সামার্থ্য নিয়ে একটুও সংশয় নেই তাদের।

No comments:
Post a Comment