Thursday, February 9, 2017

‘একটাই সুযোগ কাজে লাগাতে হবে’

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান, সাবেক বাংলাদেশ অধিনায়ক শফিকুল হক হীরা এবং ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা মোহাম্মদ রফিক, হাবিবুল বাশার ও খালেদ মাসুদ জানালেন কেন ভারতে এতদিন টেস্ট খেলতে পারেনি বাংলাদেশ, এই একটিমাত্র টেস্টে কেমন খেলবেন মুশফিকরা।
নাজমুল হাসান, বিসিবি সভাপতি
আমি দায়িত্ব নেয়ার পর তিন বছরে যত টুর্নামেন্ট, সিরিজ বা ম্যাচ হয়েছে এর মধ্যে সবচেয়ে কঠিন ভারতের বিপক্ষে এই টেস্ট ম্যাচ। ভারত খুবই শক্তিশালী দল। ওদের মাটিতে ওরা আরও শক্তিশালী। বলা যায়, ওদের হারানো সম্ভব নয়। আমরা বিশ্বের অন্য দলগুলোকে দেখেছি, তারা ভারত গিয়ে কিভাবে নাস্তানাবুদ হয়েছে। ভারতের ব্যাটিং লাইনআপ সুপার। ওদের নয় নম্বর ব্যাটসম্যানরা যে রান করে সেটাও দেখার মতো, অকল্পনীয়। স্পিনে ওদের অশ্বিন, জাদেজার মতো তারকা আছে, যারা স্পিন উইকেট ছাড়াও বল ঘোরাতে পারে। অবশ্যই আমাদের স্পিনারদের চেয়ে ওরা এগিয়ে। এটা আমাদের জন্য খুবই কঠিন একটি ম্যাচ। তবে আমাদেরও বিশ্বমানের প্লেয়ার আছে। কিন্তু সবার মধ্যে টেস্ট খেলার মানসিকতা এখনও গড়ে ওঠেনি। আমাদের ব্যাটসম্যানদের শট নির্বাচন ঠিক নেই, আমরা অস্থির। দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের ধৈর্য কম। যদি ঠাণ্ডা মাথায় খেলতে পারে তাহলে ভালো হবে। পুরোটাই নির্ভর করছে তাদের ওপর। আমার মেয়াদে ভারতে সফর অন্যতম সাফল্য। আমি দায়িত্ব নেয়ার পর অনেক কষ্ট করেছি। সুজনের (নিজামউদ্দিন চৌধুরী) সঙ্গে বসে আলোচনা করেছি কিভাবে তাদের রাজি করানো যায়। কেন আমরা সেখানে খেলতে পারছি না এ নিয়ে মিডিয়ায়ও অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত ভারত সফরে যাওয়াটা আমি বড় সাফল্য হিসেবে দেখছি।
শফিকুল হক হীরা, সাবেক অধিনায়ক
এককথায়, কঠিন সময় পার করতে হবে বাংলাদেশকে। তারা চাইবে তিনদিনেই ম্যাচ শেষ করে দিতে। তেমন উইকেটই বানাবে তারা। এখানেই বাংলাদেশকে চ্যালেঞ্জ নিতে হবে। টেস্টে ভারত একনম্বর দল। তাদের ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী এবং লম্বা। ভালোমানের স্পিনার রয়েছে। বাংলাদেশের আবার অনেকেই ইনজুরিতে। মাথা ঠাণ্ডা রেখে ব্যাট করতে হবে। ভারতে ভালো করতে পারলে বাংলাদেশের অনেক প্রশ্নের জবাব দেয়া হয়ে যাবে! ভারত এতদিন আমন্ত্রণ জানায়নি নিজেদের দিকটা বিবেচনা করে। আমাদের আমন্ত্রণ জানানোর আগে তারা নিজেদের লাভ-ক্ষতি বেশি বিবেচনা করেছে।
হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক
এক টেস্টের সিরিজ। কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি। বাংলাদেশকে অবশ্যই ভালো করতে হবে। ছেলেরা চেষ্টা করবে। এতদিন কেন আমরা ভারতে টেস্ট খেলতে পারিনি এ নিয়ে এই মুহূর্তে ভাবছি না। এই সময়ে এসে সেটা ভাবার সময়ও নেই। এতদিন পর একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছি। সেদিকেই নজর রাখার চেষ্টা করছি। এই একটা সুযোগেই আমাদের ভালো করতে হবে। কাজে লাগাতে হবে।
মোহাম্মদ রফিক, সাবেক ক্রিকেটার
ভারতের বিপক্ষে আমি বাংলাদেশের অভিষেক টেস্ট খেলেছি এখন সেই ভারতীয় দল নেই। আমিও খেলছি না। প্রথম ভারত সফরে একমাত্র টেস্টে খেলছে এই সময়ের সেরা পারফর্মাররা। আমার শুধু একটাই প্রত্যাশা, বাংলাদেশ যেন ভালো খেলে। একটা টেস্ট, একবার পিছলে গেলে কামব্যাক করার সুযোগ নেই। এই এক টেস্টেই ভালো করার চেষ্টা করতে হবে। টিম ইন্ডিয়ার নিচে যারা ব্যাট করে তারাও সেঞ্চুরি করার ক্ষমতা রাখে। টেস্ট ক্রিকেটে শক্তিশালী দল তারা। বাংলাদেশকে উইকেটে টিকে থাকার জন্য লড়াই করতে হবে। ভারতে এতদিন টেস্ট খেলতে না পারার ব্যর্থতা আমাদের বোর্ডের। আমাদের কর্মকর্তাদের। টেস্ট দলের মর্যাদা পাওয়ার পর আমরা সব দেশেই খেলতে গিয়েছি। ভারতে কেন যেতে পারলাম না? আইসিসির সভায় সব বোর্ডের সঙ্গেই আলোচনা হয়। সেখানেই তো তাদের প্রস্তাব দিতে হবে, বোঝাতে হবে। এই জায়গাটায় বোর্ড বোঝাতে ব্যর্থ হয়েছে।
খালেদ মাসুদ, সাবেক ক্রিকেটার
আমি খুবই আশাবাদী যে, বাংলাদেশ ভালো খেলবে। ফল বিবেচনায় নিউজিল্যান্ড সফরে আমরা খারাপ করেছি। কন্ডিশন বিবেচনায় সেখানে খেলা খুবই কঠিন। সেখানে বাংলাদেশ ভালো করেছে। দলগতভাবে ভালো করতে না পারলেও ব্যক্তিগতভাবে অনেকেই পারফর্ম করেছে। ভারত ও বাংলাদেশ প্রায় একই পদ্ধতিতে গেম প্ল্যান তৈরি করে। ভারত বড় দলগুলোর বিপক্ষে স্পিনিং উইকেট বানায়। বাংলাদেশও স্পিনিং উইকেট বানিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে। মনে হয় হায়দরাবাদে স্পিন ও পেস দুই বিভাগের বোলাররা সুবিধা পাবে। স্পোর্টিং উইকেট বানাতে পারে ভারত। স্পোর্টিং উইকেটে আমাদের যদি সমস্যা হয়, তাহলে ওদেরও হবে। ওদের অশ্বিন, জাদেজা রয়েছে। আমাদের সাকিব আল হাসানের মতো স্পিনার আছে। মিরাজ রয়েছে। ভারতে এতদিন খেলতে না পারার কারণ ক্রিকেটীয় নয়। এটা বাইরের কারণ। আমার জানামতে, বাংলাদেশ থেকে বারবারই সেখানে খেলতে যাওয়ার কথা বলা হয়েছে। তারা বিভিন্ন কারণ দেখিয়ে এতদিন অমন্ত্রণ জানায়নি। দু’দেশের খেলোয়াড়রাই সবসময় খেলতে আগ্রহী। এতদিন কেন হয়নি সেটা বোর্ডই ভালো বলতে পারবে।

No comments:

Post a Comment