জার্মানিতে
আবারো গাড়ি হামলা হয়েছে। একটি বেকারির সামনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ে
চলন্ত গাড়ি তুলে দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় হেইডেলবার্গ শহরে এ
ঘটনা ঘটে। এতে এক বৃদ্ধ নিহত ও আরো দু'জন আহত হয়েছেন। তবে এ ঘটনাকে
সন্ত্রাসী হামলা বলছে না জার্মান প্রশাসন। ৩২ বছর বয়সী ওই গাড়ির চালককে
গুলি করার পর গ্রেফতার করেছে পুলিশ। তবে তার সন্ত্রাসী কাজে জড়িত থাকার
কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশের মুখোপাত্র ডেভিড ফলহাবার। এই
ঘটনায় নিহত ৭৩ বছর বয়সী বৃদ্ধকে হাসপাতালে নেয়ার পর মারা যান। এছাড়া আহত
হয়েছেন ৩২ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক ও ২৯ বছর বয়সী এক নারী, যিনি বসনিয়া
হার্জেগোভিনার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
এক বিবৃতিতে
পুলিশ জানিয়েছে, 'আমরা বিষয়টি তদন্ত করে দেখেছি। না, এর পেছনে কোনো
সন্ত্রাসী তৎপরতা নেই।' ওই চালক গাড়িটি ভাড়া করেছিলেন। ঘটনার পর পরই একটি
ছুরি নিয়ে চালককে গাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। এরপর তিনি একটি সুইমিং
পুলে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ তাকে গুলি করে গ্রেফতারের পর হাসপাতালে নেয়।
তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে পরবর্তীতে আর কিছু জানানো হয়নি।
এর আগে ডিসেম্বরে বার্লিনে একটি ক্রিসমাস বিপণিবিতানে ট্রাক ঢুকিয়ে দেয়ার
ঘটনায় ১২ জন নিহত হন। ওই ঘটনার পর থেকেই সতর্ক অবস্থানে ছিল জার্মান
কর্তৃপক্ষ।

No comments:
Post a Comment