Tuesday, February 28, 2017

সুরস্রষ্টা লাকি আখন্দের শারীরিক অবস্থার উন্নতি

কিংবদন্তি শিল্পী ও সুরস্রষ্টা লাকি আখন্দের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রাতেই আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে তিনি কাউকেই চিনতে পারছিলেন না। গতকাল সকাল থেকে আপনজনদের ডাকেও তিনি সাড়া দিচ্ছেন বলে তার মেয়ে মাম্মিন্তি জানিয়েছেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত এ শিল্পী প্রায় দুই সপ্তাহ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৬ ফেব্রুয়ারি সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। রাতের দিকে অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
একইদিন মধ্যরাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এ কিংবদন্তিকে দেখতে হাসপাতালে যান। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন লাকি আখন্দ। চিকিৎসার জন্য তিনি ২০১৫ সালের শেষের দিক থেকে প্রায় ছয় মাস থাইল্যান্ডের ব্যাংককে ছিলেন। সেখানে কেমোথেরাপি নেয়ার পর ২০১৬ সালের ২৫ মার্চ দেশে ফেরেন। একই বছরের জুনে আবারও থেরাপির জন্য ব্যাংকক যাওয়ার কথা ছিল; কিন্তু আর্থিক সংকটের কারণে আর যাওয়া হয়নি বলে পরিবার সূত্রে জানা যায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকার উত্তরের মেয়র ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ান।

No comments:

Post a Comment