Tuesday, February 28, 2017

৩১ মার্চ মুক্তি পাবে নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার

৩১ মার্চ মুক্তি পাবে মিজানুর রহমান লাবু পরিচালিত ছবি ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’। গতকাল বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (বিএফডিসি) কালার ল্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছবির প্রযোজক মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক ছটকু আহমেদ, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, প্রযোজক খোরশেদ আলম খসরু, ছবির অভিনেতা ফজলুর রহমান বাবু, পরিচালক মিজানুর রহমান লাবুসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তব্য পর্বে চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘চলচ্চিত্রের অবস্থা কিংবা ব্যবসা কোনোটাই এখন আর আগের মতো নেই। তবুও যারা সাহস করে চলচ্চিত্র প্রযোজনায় এগিয়ে আসেন,
তাদের আমি সাধুবাদ জানাই। এ ছবির প্রযোজক সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছেন। আশা করব সবাই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন।’ অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘চেষ্টা করেছি ভালো কিছু দর্শকদের উপহার দেয়ার। আমরা সবাই এ ছবির জন্য কষ্ট করেছি। দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখলে আমাদের কষ্ট সার্থক হবে।’ যাদুকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান লাবু। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার সিনেমাটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে। আশা করছি, দর্শকদের কাছেও প্রশংসিত হবে। মুক্তির জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সবকিছু ঠিক থাকলে ৩১ মার্চ সারা দেশে মুক্তি দেব।’ এ ছবিতে নুরু মিয়ার চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। বিউটি চরিত্রে অভিনয় করেছেন নবাগত ক্যামেলিয়া রাঙা।

No comments:

Post a Comment