Tuesday, February 21, 2017

ইরাকের তেল দখল করতে চাই না

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, ইরাকের তেল দখল করতে চায় না যুক্তরাষ্ট্র। সোমবার অঘোষিত এক সফরে বাগদাদ উপস্থিত হয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। ম্যাটিস এমন সময়ে ইরাক এসে উপস্থিত হয়েছেন যখন মার্কিন বিমান বাহিনীর সহায়তায় জঙ্গিগোষ্ঠী আইএসের নিয়ন্ত্রণ থেকে মসুল পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযান ত্বরান্বিত করতে বিভিন্ন উপায় বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি ও ইউএসএটুডের। নির্বাচনী প্রচারণাকালে এবং প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইরাকের তেল দখল করে নেয়া। এতে যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ হয় ইরাক। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস ট্রাম্পের ওই বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরাকের তেল সম্পদ দখলের জন্য আসেনি। ২০০৩ সালে ইরাক আক্রমণকালে মার্কিন বাহিনীর কমান্ডের দায়িত্ব পালন করেন ম্যাটিস। ইরাক সফরের শুরুতে সাংবাদিকদের উদ্দেশে ম্যাটিস বলেন, ‘আমেরিকায় আমরা সবাই টাকা দিয়ে গ্যাস ও তেল কিনি। আর আমি নিশ্চিত ভবিষ্যতে তা-ই অব্যাহত থাকবে।’
গত মাসে সিআইএ’র সদর দফতরে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘যুদ্ধে যারা বিজয়ী হয়, সবকিছু তাদের দখলেই যায়। এ সময় তিনি বলেন, ইরাকের তেলের ওপর আমেরিকার নিয়ন্ত্রণ রেখে দেয়া উচিত ছিল। সম্ভবত আমরা আরেকটা সুযোগ পাব।’ প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। পুরনো মিত্রদের সঙ্গে সব ধরনের সম্পর্ক নিশ্চিত করার লক্ষ্যে গত সপ্তাহজুড়ে ইউরোপ ও উপসাগরীয় দেশগুলো সফর করেন ম্যাটিস। প্রেসিডেন্ট ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ইউরোপে পাঠিয়েছিলেন উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য।

No comments:

Post a Comment