শ্রীলংকা
সফরের জন্য বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল। ঢাকায়
চারদিন ক্যাম্প করে ২৮ ফেব্রুয়ারি শ্রীলংকা যাবে বাংলাদেশ দল। অনুশীলন
ক্যাম্পে শেষ দুটি সিরিজের ভুল শোধরানোর জন্য যথেষ্ট সময় পাচ্ছেন না
মুশফিকুর রহিমরা। শ্রীলংকা সফরে টেস্ট দলে ডাক পাওয়া ১৬ জনের মধ্যে তামিম
ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ সরাসরি দুবাই থেকে শ্রীলংকায় যাবেন।
তারা এখন পাকিস্তান সুপার লীগে (পিসিএল) খেলছেন। সফরে বাংলাদেশের মূল
চিন্তা ফিল্ডিং নিয়ে। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে ক্যাচ মিসের মাশুল
দিতে হয়েছে। শ্রীলংকা সফরে ফিল্ডিং তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ টিম
ম্যানেজমেন্টও সিরিজ শুরুর আগে ফিল্ডিংয়ের দিকে বেশি জোর দিচ্ছে। বিসিবির
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘কিছুদিন আগেও ছেলেরা
ভালো ফিল্ডিং করেছে। কিন্তু সর্বশেষ ম্যাচগুলোতে ক্যাচ বেশি মিস হয়েছে।
সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ক্যাচ মিস হলেও দ্রুত ফিরে আসা যায়।
কিন্তু
টেস্ট ক্রিকেটে সেটা খুব কঠিন। এখানে আমাদের আরও উন্নতি করতে হবে। ভালো
করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ছেলেরা।’ ভালো ফিল্ডার হিসেবে
মাহমুদউল্লাহর সুনাম রয়েছে। বর্তমানে তিনিই সবচেয়ে বেশি ক্যাচ মিস করছেন।
সাব্বির রহমান, সাকিব আল হাসানের মতো ভালো ফিল্ডাররাও এই তালিকায় রয়েছেন।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মুশফিকুর রহিমের কিপিং নিয়ে। প্রত্যেক ম্যাচেই
তার হাত থেকে ক্যাচ ফসকে যাওয়া যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিপিং নিয়ে
টিম ম্যানেজমেন্ট মুশফিকের সঙ্গে আলোচনা করতে চায়। কিছুটা ফিটনেস দুর্বলতা
এবং অমনোযোগিতার কারণে ফিল্ডিংয়ে এত বেশি মিস হচ্ছে। শ্রীলংকা সফরের আগে
তাই ফিটনেসের দিকেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ৭ মার্চ প্রথম টেস্ট শুরু
হওয়ার আগে ফিল্ডিংয়ের ওপর জোর দিতে চায় টিম ম্যানেজমেন্ট। শ্রীলংকা সফরে
বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং দুটি করে টি ২০ ও দুটি টেস্ট ম্যাচ খেলবে।

No comments:
Post a Comment