অধিকৃত
পূর্ব জেরুজালেমের জাবাল আল-মুকাবের এলাকার কয়েকশ’ ফিলিস্তিনি শংকা ও
উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। ইসরাইলি কর্তৃপক্ষ ‘আমেরিকান রোড’ প্রকল্পের
অংশ হিসেবে রাস্তা নির্মাণের জন্য ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার
পরিকল্পনা করছে। বিশাল এই মহাসড়কের একাংশ পূর্ব ও পশ্চিম জেরুজালেমকে
বিভক্ত করবে। ৭০ মিটার চওড়া ও ১১ কিলোমিটার দীর্ঘ এ হাইওয়েটি নির্মাণের
ব্যাপারে ইসরাইলের পরিকল্পনা প্রায় এক যুগ আগের। আল-জাজিরার খবরে বলা হয়,
ইসরাইল কর্তৃপক্ষ জাবাল আল-মুকাবের এলাকার বেশ কয়েকজন ফিলিস্তিনিকে
উচ্ছেদের ঘোষণা দিয়েছে। ওই এলাকার নিকটস্থ সালা এলাকার অধিবাসী মোহাম্মদ
আল-সাওয়াহরা বলেন, ‘আমরা এক ভয়ের মাঝেই দিন-যাপন করছি। যেন আমরা দুই ভিন্ন
জগতে বাস করছি। ফিলিস্তিনিদের বসতি যেন তৃতীয় বিশ্ব, আর জাবাল আল-মুকাবেরের
ইসরাইলি বসতি যেন প্রথম বিশ্ব।’
ইসরাইলি কর্তৃপক্ষ রাস্তা বানানোর জন্য এক
মাস আগে আল-সাওয়াহরাকে তার বাড়ি গুঁড়িয়ে দেয়ার আদেশ পাঠিয়েছিল। সোমবার
জাবাল আল-মুকাবের প্রতিরক্ষা কমিটির আইনজীবী রায়েদ বশির জানান, ওই রাস্তা
নির্মাণের জন্য ইসরাইলি কর্তৃপক্ষ প্রায় ৫৭টি ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে
দেয়ার পরিকল্পনা করেছে। এসব বাড়িতে প্রায় ৫০০ ফিলিস্তিনি বসবাস করেন। তিনি
আরও বলেন, ‘৩২ মিটার চওড়া রাস্তার সঙ্গে আরও ৩২ মিটার চওড়া রেলের রাস্তা
নির্মাণের কথা শুনে আমরা পুরোপুরি হতবাক হয়েছি। ওই রাস্তার ধারের সব বাড়িঘর
গুঁড়িয়ে দেয়া হবে।’ ফিলিস্তিনের পশ্চিমতীর ও জেরুজালেমে ইসরাইলি বসতি
স্থাপন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তার পূর্বসূরি
বারাক ওবামার তুলনায় অনেকটাই ইসরাইল ঘেঁষা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে
ফিলিস্তিনি বাড়িঘর গুঁড়িয়ে নিজেদের বসতি স্থাপনের বিষয়ে আন্তর্জাতিক নিন্দা
ও চাপকেও উপেক্ষা করছে ইসরাইল। ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা যাওয়ার পর
গত এক মাসে বেশ কয়েকটি বসতি নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইলি
সরকার। এবার রাস্তা নির্মাণের বিষয়েও শুরু হয়েছে তৎপরতা।

No comments:
Post a Comment