Monday, February 6, 2017

রুয়েটে এবার শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -রুয়েটে ৩৩ ক্রেডিট প্রথা বাতিল দাবির আন্দোলনকালে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। শিক্ষকদের ধর্মঘটে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের কোনোটিতেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এর আগে রোববার সন্ধ্যায় শিক্ষক সমিতির জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়।
৩৩ ক্রেডিট প্রথা বাতিলের দাবিতে শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে অবরোধ করে রাখার পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষকদের সঙ্গে অসদাচরণ এবং ফেসবুকে কটূক্তি ও মিথ্যা প্রচারণা চালিয়েছেন অভিযোগ এনে শিক্ষকরা ধর্মঘট পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নীরেন্দ্রনাথ মুস্তাফী সাংবাদিকদের জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। পরিস্থিতি বুঝে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। প্রসঙ্গত, রুয়েট শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণের জন্য নূন্যতম ৩৩ ক্রেডিট প্রথা বাতিলের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে আন্দোলনে নামে ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীরা। টানা চার দিন আন্দোলনের পর ওই দুই সিরিজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশনা দেয় প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার দিনভর আন্দোলনের পর দুপুর আড়াইটা থেকে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে নিজ কার্যালয়ে অন্তত ২৫ জন শিক্ষকসহ অবরুদ্ধ হয়ে পড়েন ভিসি। রাতভর তারা অবরুদ্ধ থাকেন। রোববার সকালে অবরুদ্ধ অবস্থায় একাডেমিক কমিটির জরুরি সভা ডেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেয় প্রশাসন।

No comments:

Post a Comment