Tuesday, February 21, 2017

শহীদ মিনারে জনতার ঢল

আজ মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা বাংলার জন্য জীবনদানকারীদের জাতি স্মরণ করছে গভীর শ্রদ্ধার সাথে। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো মানুষের ঢল নেমেছে। আজ মঙ্গলবার ভোরের সূর্য পূব আকাশে উঁকি দেওয়ার আগেই নীলক্ষেত, আজিমপুর ও পলাশী মোড় হয়ে শহীদ মিনারের দিকে মানুষের ঢল নামে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে লাখো মানুষ ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন। ফুল হাতে শ্রদ্ধা জানাতে রাজধানীর সব পথ যেন মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে।
বেলা বাড়ার সাথে সাথে এ ভিড়ও বাড়ছে। ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে মিছিলে স্লোগানে প্রকম্পিত হয়েছিল তৎকালীন গোটা পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ। বাঙালি জীবনে তাই একুশে ফেব্রুয়ারি ফিরে আসে নবজীবনের ডাক নিয়ে। লাখো মানুষ আজ প্রভাত ফেরি করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল, সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহীদ মিনারে এসেছেন শ্রদ্ধা জানাতে। নারী-শিশুরাও আছেন এই দলে। এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ ভিভিআইপি ও ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে।

No comments:

Post a Comment