Tuesday, February 14, 2017

সব টি২০ লীগ বন্ধ করার দাবি সরফরাজের

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পর পাকিস্তান সুপার লীগেও (পিএসএল) হানা দিয়েছে ম্যাচ-ফিক্সিংয়ের ভূত। কাড়ি কাড়ি অর্থের লোভে ক্রিকেটাররা এ ফাঁদে পা দেন। পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার সরফরাজ নওয়াজ তাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে জোর দাবি জানিয়েছেন, দুর্নীতি ও ফিক্সিং বন্ধের লক্ষ্যে আইপিএল, বিপিএল ও পিএসএলের মতো টি২০ লীগ যেন নিষিদ্ধ করা হয়। সপ্তাহের শুরুতে চলমান পিএসএলে শারজিল খান ও খালিদ লতিফ ম্যাচ-ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়েছেন বলে অভিযোগ ওঠে। প্রথমে তাদের সাময়িক নিষিদ্ধ করা হলেও পরে পিএসএলে খেলার অনুমতি দেয়া হয়। দ্য নেশনকে দেয়া সাক্ষাৎকারে সরফরাজ পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠিকে দোষারোপ করে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের কেলেংকারি ও বড় ধরনের ক্ষতির জন্য দায়ী নাজাম শেঠি। তিনি জানতেন যে, ওয়াসিম আকরাম, মুশতাক আহমেদ, মঈন খান, ইনজামাম-উল-হক এবং অন্যরা চিহ্নিত প্রতারক।
বিচারপতি কাইয়ুম পরিষ্কার করে তাদের নাম উল্লেখ করেছেন। তাদের পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শীর্ষ পদ থেকে সব সময় দূরে রাখতে পরামর্শ দিয়েছিলেন। তারপরও তাদের মোটা অংকের অর্থের পারিশ্রমিকে শীর্ষ পদে বসানো হয়। অনৈতিক কাজ করার সুযোগ দেয়া হয়।’ মাফিয়াদের দৌরাত্ম্যের কারণেই ক্রিকেটে বিশেষ করে টি২০ লীগে দুর্নীতি ও স্পট-ফিক্সিং জেঁকে বসেছে বলে মনে করেন সরফরাজ। এজন্য এসব টুর্নামেন্ট বন্ধ করার দাবি জানান তিনি। সরফরাজ বলেন, ‘তাদের (দুর্নীতি ও ফিক্সিংয়ের হোতা) দৌরাত্ম্যে লাগাম টেনে ক্রিকেটারদের দুর্নীতি থেকে দূরে রাখার একমাত্র উপায় হল এসব টি২০ লীগ বন্ধ করা। হৃদয় থেকে আমি ও গ্রেট ক্রিকেটাররা আইসিসির আকসুর (অ্যান্টি করাপসন ইউনিট) কাছে পিএসএল ও অন্যান্য টি ২০ লীগ যত দ্রুত সম্ভব বন্ধ করার দাবি জানাচ্ছি। নতুবা এই শক্তিশালী মাফিয়া গ্রুপ ক্রিকেটকে ধ্বংস করে ফেলবে।’ ওয়েবসাইট।

No comments:

Post a Comment