মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো বলেছেন, ইরানের সাথে ছয় জাতিগোষ্ঠীর
স্বাক্ষরিত পরমাণু সমঝোতার চেয়ে খারাপ চুক্তি তিনি আর কখনো দেখেননি। রোববার
রাতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, এই
সমঝোতায় স্বাক্ষর আমেরিকার জন্য লজ্জা বয়ে এনেছে এবং এটি অর্জনের জন্য
আলোচনায় বসাই উচিত হয়নি। ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের
পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকাকে মোটেই
ভ্রুক্ষেপ করে না ইরান। এর আগে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময়
ইরানের পরমাণু সমঝোতাকে ‘বিপর্যয়’ এবং ‘বিশ্বের সবচেয়ে জঘন্য চুক্তি’
হিসেবে অভিহিত করে বলেছিলেন, প্রেসিডেন্ট হতে পারলে তিনি দায়িত্ব গ্রহণের
প্রথম দিনই এ সমঝোতা ছিঁড়ে ফেলবেন।
মার্কিন প্রেসিডেন্টসহ আমেরিকার আরো
কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা সাম্প্রতিক সময়ে বহুবার ইরানের বিরুদ্ধে
বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। ইরান এসব বক্তব্যের কঠোর জবাব দিয়েছে। ইরানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত সপ্তাহে মার্কিন জাতীয় নিরাপত্তা
উপদেষ্টার এক বক্তব্যের জবাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের দেয়া
যেকোনো প্রতিশ্রুতি লঙ্ঘনের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেন। তিনি বলেন,
যেকোনো ধরনের হুমকি শুধু যে আন্তর্জাতিক আইনের পরিপন্থি তাই নয়, সেইসাথে
আমেরিকার অতীত সরকারগুলোর কাছে এই নীতির ব্যর্থতা বহুবার প্রমাণিত হয়েছে।
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment