ভারতের
পররাষ্ট্র সচিব সুব্রামনিয়াম জয়শংকর দু’দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায়
আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের প্রস্তুতি তার এ সফরের
লক্ষ্য বলে ঢাকা ও দিল্লির কর্মকর্তারা বলছেন। কয়েক দফা পেছানোর পর এবার
প্রধানমন্ত্রী মার্চের শেষদিকে বা এপ্রিলের শুরুতে দিল্লি সফরে যাবেন বলে
আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্র সচিব আজ
দুপুরের দিকে চীন থেকে সরাসরি ঢাকায় আসবেন। কিছু সময় বিশ্রাম নিয়ে বিকাল
৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর হোটেল লা মেরিডিয়ানে পররাষ্ট্র সচিব মো.
শহিদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র
সচিবের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। শুক্রবার
সকালে ভারতীয় সচিব দিল্লি ফিরে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন
ভারত সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, সামরিক খাত, অবকাঠামো
উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত প্রায় ৩০টি চুক্তি সই হবে বলে আশা
করা হচ্ছে। তবে বাংলাদেশের প্রত্যাশিত তিস্তার পানিবণ্টন চুক্তি এবারও সই
হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির
কারণে তিস্তা চুক্তি আটকে আছে। এদিকে গঙ্গা ব্যারাজ প্রকল্পের ব্যাপারে
ভারতের সহায়তা চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সড়ক, রেলপথ, জলপথ
ও বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ভারতীয় বিনিয়োগের বিষয় অধিক
গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী ভারত
সফরে যাবেন বলে প্রাথমিকভাবে নির্ধারিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যস্ততার কারণে সফর পিছিয়ে
যায়। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ২৬ মার্চ
স্বাধীনতা দিবস। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। ফলে
মার্চের শেষদিকে বা এপ্রিলের শুরুতে গড়াতে পারে প্রধানমন্ত্রীর এ সফর।

No comments:
Post a Comment