Saturday, February 4, 2017

অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ন্ত্রণহীন ট্রাক : নিহত ৮

পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলায় পর্যটন কেন্দ্রের সামনে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় এক বৌদ্ধ ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে আসা নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের চকরিয়ায় গাড়িতে আগুন লেগে তিন, যশোরের মনিরামপুরে পুলিশের এএসআই, ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যসহ দুই, শেরপুরের ঝিনাইগাতীতে দুই, ঢাকার ধামরাইয়ে এক, ফরিদপুরের ভাঙ্গায় এক, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক, বরগুনায় এক ও নড়াইলে একজন নিহত হয়েছেন। বরিশালে আহত হয়েছেন ১০ জন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি ইউনিয়নের বাসিন্দা চহ্লাগ্য মারমার স্ত্রী নেইম্রা মারমা, মেয়ে টুনটুনি মারমা, চলাপ্র“ মারমার ছেলে উচনু মার্মা, মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের চাইথইলা মারমার ছেলে পুলু মার্মা, রামগড় উপজেলার নাকাপা ইউনিয়নের কেচু মারমার ছেলে চাইথোয়াই প্র“ মারমা, উক্রাচিং মারমা, মংক্রক মারমার ছেলে অংক্যচিং মারমা ও ববি মারমা। নিহত চাইথোয়াই মারমা ও অংক্যচিং মারমা মহালছড়ি পাইলট স্কুলের এসএসসি পরীক্ষার্থী। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ববি মারমা, রনি মারমা ও চংহলা মারমাকে আশংকাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ববি মারমা মারা যান। আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা পরিষদ, সেনা রিজিয়ন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার করে টাকা সহায়তা দেয়া হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়ন ময় ত্রিপুরা জানান, নিহতদের সবার মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে। আলুটিলা ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত এক বৌদ্ধ ভিক্ষুর দাহক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধধর্মাবলম্বী অগণিত পুণ্যার্থী জমায়েত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি যাওয়ার পথে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে আলুটিলা পর্যটন গেটে বিহারে আসা পথচারীদের চাপা দেয়। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, স্থানীয়রা মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পরই ট্রাক হেলপার মো. সুমনকে আটক করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মুহাম্মদ আবদুল হান্নান জানান, কুমিল্লা থেকে বালু নিয়ে খাগড়াছড়ি আসার পথে জালিয়াপাড়ায় এসে ট্রাকের চালক হেলপারকে ট্রাকটি দিয়ে নেমে যান। পরে হেলপার সুমন ট্রাকটি চালিয়ে খাগড়াছড়ি আসছিল। পথে সে নিয়ন্ত্রণ হারায় এবং পথচারীদের চাপা দেয়।
ইউপিডিএফের বিবৃতি : এ সড়ক দুর্ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে এ জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক প্রদীপন খিসা জানান, এটি সড়ক দুর্ঘটনার নামে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠনের পাশাপাশি আহতদের বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও নিহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া : জেলার সদর উপজেলার সুহিলপুর মীরহাটিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দুর্ঘটনায় দু’জন নিহিত হয়েছেন। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের সাবেক সদস্য আবদুল আউয়াল বাসু মিয়া ও সবুজ মিয়া। আহত অপর একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মঈনুর রহমান জানান, দুপুরে সুহিলপুর মীরহাটিতে সিলেট অভিমুখী একটি পণ্যবোঝাই ট্রাক অপর একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আবদুল আউয়াল মারা যান। ওসি আরও জানান, পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সবুজের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়।
চকরিয়া (কক্সবাজার) : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে আগুন ধরে দগ্ধ হয়ে চালকসহ তিনজন মারা গেছেন। এ সময় আরও ৯ জন দগ্ধ হয়েছেন। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী। বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আরিফ, মুমিন হোসেন মনু মিয়ার স্ত্রী আফিয়া বেগম, মাসুদের ছেলে ইয়ামিন। দগ্ধদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- মুমিন হোসেনের ছেলে মাসুদ রানা, মাসুদ রানার স্ত্রী শাহিনুর আক্তার, মাসুদ রানার শিশুসন্তান স্মৃতি ও বায়েজিদ, সিকান্দর মোল্লার ছেলে সাইফুল ইসলাম, সাইফুল ইসলামের শিশুসন্তান সাদিয়া ও তাসকিন, আবদুর রহিমের ছেলে ববি, তাদের কাজের মেয়ে রুমানা। আহতদের প্রথমে চকরিয়া হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সংঘর্ষে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। মাইক্রোবাসের যাত্রীরা ঢাকা নিউ মার্কেট এলাকার ৯/বি বিশ্বাস বিল্ডার্স ভবনের বাসিন্দা। তারা কক্সবাজারে পিকনিকে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাপায় এক পথচারী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। নিহতের নাম রজ্জু মিয়া।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। ভাঙ্গা-মাওয়া বিশ্বরোড মহাসড়কের মালিগ্রাম নামক স্থানে বৃহস্পতিবার মাইক্রোবাস এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ঘারুয়া গ্রামের শাহজাহান বিশ্বাসের ছেলে ইয়াহিয়া বিশ্বাস মারা যান। এ ছাড়া ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী আউড়া মাঠ এলাকায় শুক্রবার সকালে ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে টেকেরহাটগামী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ৩০ যাত্রী আহত হন।
শেরপুর : শেরপুর-ঝিনাইগাতী সড়কের ঝিনাইগাতীর মটিয়াপাড়া বটতলায় পিকনিকের পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত ও পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহতরা হল- শ্রীবরদী উপজেলার ছনকান্দা গ্রামের সামছুল হকের ছেলে সাইফুল ও শহীদ মিয়ার ছেলে আবু হামজা।
মনিরামপুর (যশোর) : মনিরামপুরে ট্রাকের ধাক্কায় জাকির হোসেন দিপু নামের পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। তিনি উপজেলার জয়পুর গ্রামের মাস্টার ইন্তাজ আলী সরদারের ছেলে। শুক্রবার দুপুরে পৌর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গাংড়ার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৌল থানায় কর্মরত ছিলেন। তিন দিন আগে ছুটিতে তিনি বাড়ি আসেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় খায়রুন্নেছা নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মাইজবাগ ইউনিয়নের পাড়াবাঁশাটি গ্রামের আমির হোসেনের স্ত্রী। শুক্রবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মাইক্রোবাসসহ চালক শিমুল মিয়াকে আটক করেছে।
বরগুনা : বরগুনা পীরের দরগাহে দোয়া চাইতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এসএসসি পরীক্ষার্থী নামজুল ইসলাম। আহত হয়েছেন, ইমরান হোসেন ও রাসেল। তারা জেলার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল : গ্রামবাংলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার চাঁচড়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক তবিবুর রহমান যশোরের মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
বরিশাল : বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর চৌমাথায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

No comments:

Post a Comment