Monday, February 27, 2017

প্রতিবাদী গুরমহেরকে ধর্ষণের হুমকি

ভারতের কারগিল যুদ্ধে নিহত সেনাসদস্য ক্যাপ্টেন মানদীপ সিংয়ের মেয়ে গুরমেহের কাউরকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী ফেসবুকে ভারতের ক্ষমতাসীন বিজেপির ছাত্রসংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদের (এভিবিপি) বিরুদ্ধে সরব হয়েছিলেন। তারই জবারে গুরমেহেরকে 'ধর্ষণের হুমকি' দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
খবর এনডিটিভির। গুরমেহের বলেন, 'সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে অনেক হুমকি দেয়া হচ্ছে। আমি মনে করি, এটা খুবই ভয়ংকর, যখন কেউ আপনাকে নাশকতা বা হত্যার হুমকি দেয়।' এভিবিপিকে উদ্দেশ করে তিনি বলেন, 'জাতীয়তাবাদের নামে ধর্ষণের হুমকি দেয়া ঠিক না।' গত বৃহস্পতিবার দিল্লি ইউনিভার্সিটির রামজাস কলেজে বামপন্থীদের ছাত্রসংগঠন এআইএসএ ও এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কলেজে একটি সেমিনারে উমার খালিদ ও শেহলা রসিদ নামের দুই শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়। পরে সেমিনারটি প্রত্যাহার করা হয়। ওই সংঘর্ষের পর গুরমেহের তার ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করেন। ওই ছবিতে তাকে একটি প্ল্যাকার্ড হাতে দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল, 'আমি এবিভিপিকে ভয় পাই না। আমি একা নই। ভারতের প্রত্যেক শিক্ষার্থী আমার সঙ্গে আছে।' এ ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে গুরমেহেরের প্রতি সহানুভূতি জানিয়ে লেখেন, 'এটা শুনে রাখেন। এটা বিজেপি। তারা আমাদের দেশ ধ্বংস করে দেবে। তাদের গুণ্ডাবাজির বিরুদ্ধে সবার সোচ্চার হতে হবে।'

No comments:

Post a Comment