অবশেষে
আলোচিত ছবি ‘ময়না’তে মাহির নায়ক হিসেবে অভিনয় করার জন্য কলকাতার সোহম
চুক্তিবদ্ধ হয়েছেন। অবশ্য আগে থেকেই সোহমের শিডিউল নেয়া ছিল। গত সপ্তাহে
কলকাতায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন সোহম। ৭ মার্চ ছবির শুটিং শুরু
হবে বলে প্রাথমিকভাবে ঠিক করেছেন পরিচালক অনন্য মামুন। এ তারিখটি সোহমের
সঙ্গে কথা বলেই ঠিক করা হয়েছে। ছবির পুরো শুটিং ভারতের বিভিন্ন লোকেশনে
সম্পন্ন হবে বলে পরিচালক সূত্রে জানা যায়। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান
ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান জানান, ‘আগামী রোজার ঈদকে টার্গেট
করে ছবিটি নির্মিত হচ্ছে। এরই মধ্যে নির্মাণের সব প্রস্তুতিও সম্পন্ন
করেছি। পরিচালকের সঙ্গে আলাপ করে নির্ধারিত সময় ছবির শুটিং শুরু করব।’
মাহির বিপরীতে সোহমকে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবির গল্প ময়নাকে ঘিরেই।
আর ময়নার সঙ্গে মানানসই প্রাণোচ্ছল চরিত্রে অভিনয় করার মতো নায়ক হিসেবে
সোহমকেই পারফেক্ট মনে হয়েছে। তাই তাকে নেয়া।’
প্রসঙ্গত, ছবিতে নাম ভূমিকায়
অভিনয় করছেন মাহিয়া মাহি। এর আগে কলকাতার অন্য নায়কের বিপরীতে অভিনয় করলেও
সোহমের বিপরীতে এবারই প্রথম অভিনয় করছেন মাহি। এ ছবিতে অভিনয়ের জন্য সব
প্রস্তুতিও তিনি নিয়েছেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে মাহি বলেন, ‘ময়না
চরিত্রটি প্রসঙ্গে এক কথায় বলব, আমার স্বপ্নের একটি চরিত্র। ময়না নামে আরও
কয়েকটি ছবিতে অভিনয় করেছি; কিন্তু ময়না ছবিতে যে চরিত্র এটিই আমার কাছে
সেরা মনে হয়েছে। আশা করছি, ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারব।’ প্রসঙ্গত,
এ ছবি ছাড়াও মাহি আরও তিনটি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন। ছবিগুলো
হচ্ছে, মোস্তাফিজুর রহমানের ‘জান্নাত’, শামীমুল ইসলাম শামীমের ‘গোলাপতলীর
কাজল’, ও গাজী মাহবুবের ‘প্রেমের বাঁধন’। পাশাপাশি তার অভিনীত ‘ঢাকা
অ্যাটাক’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

No comments:
Post a Comment