বাসায়
কলিং বেল টিপে ডাকাতির একদিন পর রাজধানীর হাজারীবাগ থেকে এসএসসি
পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ ছাত্রের নাম সাইফুল
ইসলাম শুভ (১৬)। সে পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড
কলেজের ছাত্র। পরিবারের দাবি, ডাকাতদের চিনে ফেলায় শুভকে পরিকল্পিতভাবে
অপহরণ করা হয়েছে। শুভর বাবা শফিকুল ইসলাম জানান, রোববার কলিং বেল টিপে
তাদের বাসায় ডাকাতি হয়। ডাকাতরা বাসার লোকজনকে মারধর করে টাকা ও সোনার
অলংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। যদিও এ ঘটনায় তারা কোনো মামলা করেননি।
মঙ্গলবার দুপুরে শুভ বাসা থেকে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গিয়ে আর সে
ফিরে আসেনি। পরিবারের ধারণা, ডাকাতদের কাউকে চিনে ফেলার আশংকা থেকে তাকে
অপহরণ করা হয়েছে। তিনি এ বিষয়ে হাজারীবাগ থানায় একটি জিডি করেছেন।
ডিএমপির
ধানমণ্ডি-হাজারীবাগ জোনের সহকারী কমিশনার আবদুল্লাহেল কাফি যুগান্তরকে
বলেন, পরিবারের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি তদন্ত করি। সম্ভাব্য
কারণ পর্যালোচনা করে দেখেছি, পরিবার যে অভিযোগ করেছে সেটি সাজানো হতে পারে।
তাদের দাবি, ডাকাতির সময় শুভ বাসায় একা ছিল। মেধাবী এ ছাত্র পরীক্ষার ভয়ে
ঘর ছাড়ার কথা নয়। উগ্রবাদী সম্পৃক্ততা থেকেও যাচাই করা হয়েছে, কিন্তু কোনো
তথ্য মেলেনি। প্রেমঘটিত একটি ক্লু মিলেছে। সেটি ধরে তাকে উদ্ধার করার
চেষ্টা চলছে। সম্ভাব্য সব কারণ ধরে শুভকে উদ্ধারের চেষ্টা চলছে।

No comments:
Post a Comment