ভারত-বাংলাদেশ
টেস্টে হায়দরাবাদবাসী বাংলাদেশ দলে যাকে ভীষণ মিস করছে, তিনি হলেন কাটার
মাস্টার খ্যাত বোলার মোস্তাফিজুর রহমান। আইপিএলের বদৌলতে হায়দরাবাদের 'ঘরের
ছেলে'বনে যাওয়া মোস্তাফিজকে দলে না দেখে বেশ হতাশ শহরটির বাসিন্দারা। খবর
বিবিসির। উপ্পলের স্টেডিয়ামে যারাই ক্রিকেট দেখতে আসেন,তারাই জানেন এ মাঠে
কারণে-অকারণে বেজে ওঠে শহরের নিজস্ব দল সানরাইজার্স হায়দরাবাদের থিম সং।
তেলেগু ভাষার এ গানে রয়েছে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের বীরগাঁথা- যার
অন্যতম বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। দুনিয়া ঘুরে বাংলাদেশ দলের জন্য গলা
ফাটান যিনি,
সেই ফাহিমুল হক মিলন ওরফে মিলন টাইগার বলেন, মোস্তাফিজ এ
টেস্টে না-থাকায় খুব বড় ক্ষতি হয়ে গেল। তিনি বলেন, আমার তো মনে হয় শুধু
বাংলাদেশ নয়, ভারতের ১৩০ কোটি মানুষও মোস্তাফিজকে মিস করল। ও তো শুধু
বাংলাদেশের নয়, সবার প্রিয়। মোস্তাফিজ থাকলে ভারত কি পারত এই প্রায়
সাতশো রানের পাহাড় গড়তে? গ্যালারিতেও দেখা গেল,যারা এসেছেন তারাও অনেকেই
মোস্তাফিজ রহমানের স্লোয়ার বা কাটারের ভক্ত। তাদের একজন রাকেশ বলছিলেন,
যেহেতু মোস্তাফিজ হায়দরাবাদে অনেকগুলো ম্যাচ খেলেছেন, এ মাঠের পিচটা তার
হাতের তালুর মতো চেনা- তাই ও এখানে ভীষণ উপযোগী হত। পাশ থেকে তার বন্ধু যোগ
করেন, হায়দরাবাদ যে মোস্তাফিজকে মিস করছে তাতে কোনো সন্দেহ নেই। এরা
বাংলাদেশ ক্রিকেটের সম্ভবত সেরা আবিষ্কারকে একটাই বার্তা দিতে চান- তিনি
যেখানেই থাকুন, যেমনই থাকুন- হায়দরাবাদ তাকে ভোলেনি।

No comments:
Post a Comment