Saturday, February 11, 2017

বিসিএলের তৃতীয় রাউন্ড আজ শুরু

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) প্রথম দুই রাউন্ড শেষে চতুর্থ স্থানে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল। সমান একটি করে ম্যাচে ড্র ও জয় পেয়ে বিসিবি উত্তরাঞ্চল শীর্ষে ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল রয়েছে দ্বিতীয় স্থানে। উত্তরাঞ্চলের পয়েন্ট ১০, দক্ষিণাঞ্চলের ৮।
লংগার ভার্সনের চার দলের এ টুুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শুরু হবে আজ। বিকেএসপির তিন নম্বর মাঠে মধ্যাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল। অপর ম্যাচে ফতুল্লায় পূর্বাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। ম্যাচ দুটি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। আগের ম্যাচে পেসার রুবেল হোসেন ও স্পিনার আবদুর রাজ্জাকের বোলিংয়ে তিনদিনেই পূর্বাঞ্চলের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতেছে দক্ষিণাঞ্চল। আগের ম্যাচে প্রায় দুই বছর পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেছেন দক্ষিণাঞ্চলের পেসার মোস্তাফিজুর রহমান। এই রাউন্ডেও তিনি খেলতে পারেন।
তবে আগের রাউন্ডে দলে থাকা ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনকে পাবে না দক্ষিণাঞ্চল। ইমরুল কায়েসের ইনজুরির কারণে ভারত সফরে দলের সঙ্গে যোগ দিয়েছেন মোসাদ্দেক। যদিও একমাত্র টেস্টে একাদশে সুযোগ পাননি তিনি। শক্তির বিচারে শামসুর রহমান-মার্শাল আইয়ুবের মধ্যাঞ্চলের চেয়ে এগিয়ে আবদুর রাজ্জাকের দক্ষিণাঞ্চল। আগের ম্যাচে উত্তরাঞ্চলের জুনায়েদ সিদ্দিকী ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছিলেন। বোলিংয়ে সানজামুল ইসলাম ৮০ রান দিয়ে নয় উইকেট তুলে নিয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলকে বড় জয় এনে দেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি হয়েছে একটি। মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের লিটন কুমার দাস করেছিলেন ২১৯ রান। এছাড়া এ আসরে ৮০ রান দিয়ে নয় উইকেট তুলে নেয়া সানজামুলই সেরা।

No comments:

Post a Comment