Saturday, February 11, 2017

যে ক্লাবের একমাত্র সদস্য কোহলি

ইতিহাসের পাতা তিনি রাঙিয়ে যাচ্ছেন অনেক দিন ধরেই। ইদানীং বিরাট কোহলি যাই করেন না কেন, রেকর্ড বুকে একটি আঁচড় পড়েই। অবিশ্বাস্য ধারাবাহিকতায় রেকর্ড ভাঙা-গড়ার খেলাটাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন ভারত অধিনায়ক। অনেক বিখ্যাত কীর্তি ছোঁয়ার পর এবার রেকর্ড বুকে নিজেই একটি ক্লাব খুলে ফেললেন কোহলি! যে ক্লাবের প্রথম ও একমাত্র সদস্য তিনিই। টানা চারটি টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করে ক্রিকেট ইতিহাসের সব মহানায়কদেরই ছাড়িয়ে গেলেন কোহলি। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয়দিনে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি তাকে পৌঁছে দিয়েছে অন্য উচ্চতায়। সেঞ্চুরির বন্যা বইয়ে দিলেও মাত্র আট মাস আগেও কোনো ডাবল সেঞ্চুরি ছিল না কোহলির। গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ২০০ করার পর ডাবল সেঞ্চুরিও যেন ডালভাত হয়ে গেছে তার জন্য। আট মাসেই চারটি ডাবল সেঞ্চুরি! ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তার ব্যাট থেকে আসে ২১১ রানের আরেকটি মহাকাব্যিক ইনিংস।
এরপর ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে উপহার দেন ২৩৫ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। কাল বাংলাদেশের বিপক্ষে থামলেন ২০৪ রানে। এক টেস্টের এই ঐতিহাসিক সিরিজে ডিআরএস না থাকলে অবশ্য ইতিহাস গড়া হতো না কোহলির। ১৮০ রানের সময় মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্ল–র আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার তাকে সাজঘরের পথ দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান কোহলি। পরে আরেক স্পিনার তাইজুল ইসলামের বলে এলবিডব্ল– হয়েই ফিরতে হয়েছে তাকে। কিন্তু ততক্ষণে লেখা হয়ে গেছে ইতিহাস। টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি করে কোহলি ছাড়িয়ে গেছেন দুই চিরকালীন কিংবদন্তিকে। তার আগে সর্বোচ্চ টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরি ছিল স্যার ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়ের। সেই ১৯৩০ ও ১৯৩১ সালে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান। ২০০৩ ও ২০০৪ সালে সেই রেকর্ড ছোঁয়ার পথে দ্রাবিড় ডাবল সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে। কাল সবাইকেই ছাড়িয়ে গেলেন কোহলি। ২৪ চারে সাজানো ২০৪ রানের অনবদ্য ইনিংসটি রেকর্ডের আরেকটি চূড়ায় তুলে দিয়েছে তাকে। এক ভারতীয় মৌসুমে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ডটি এতদিন বীরেন্দর সেহওয়াগের দখলে। ২০০৪-০৫ মৌসুমে ১১০৫ রান করেছিলেন সেহওয়াগ। এ মৌসুমে এখন পর্যন্ত ১১৬৮ রান করে সেই রেকর্ডও নিজের করে নিয়েছেন কোহলি। এএফপি/ ক্রিকইনফো।

No comments:

Post a Comment