Wednesday, February 15, 2017

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নৈশ প্রহরী নিহত

বগুড়া শহরের জহুরুলনগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবদুল কুদ্দুস (৩৫) নামে এক নৈশপ্রহরী নিহত হবার ঘটনায় মামলা হয়েছে। বুধবার সকালে তার ভাই মোত্তালেব সদর থানায় এ মামলা দায়ের করেন। পুলিশের ধারণা, এটা ছিনতাইকারীদের কাজ। তবে এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ ও এলাকাবাসীরা জানান, বগুড়ার শিবগঞ্জের পঞ্চদাস বাখড়া গ্রামের জনৈক ইউনুস আলীর ছেলে কুদ্দুস শহরে সাতমাথা এলাকায় নদীবাংলা মার্কেটে নৈশপ্রহরীর চাকরি করতেন। তিনি পরিবার নিয়ে শহরের জহুরুলনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি কাজ থেকে বাইসাইকেলে ভাড়া বাসায় ফিরছিলেন। তিনি সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের পিছনে জহুরুলনগর এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এক পর্যায়ে তারা তার বুকে ও পেটে তিনটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। যাবার আগে কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির টিএসআই শাহ্ আলম দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৈশ প্রহরীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মোত্তালেব মামলা করেছেন। তার ধারণা, এটি ছিনতাইকারীদের কাজ। তারপরও প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। অন্যদিকে রাত ৮টার দিকে সেউজগাড়ি পানির ট্যাংকির কাছে লিটন (৩০) নামে এক গাড়ি চালক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তার কাছ থেকেও কিছু টাকা কেড়ে নেয়া হয়েছে। ছুরিকাঘাতে তার পেট থেকে ভুড়ি বের হয়ে যায়। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পাবনার সিংগা এলাকার জনৈক বকুল হাজীর ছেলে। বগুড়ায় স্কয়ার কোম্পানীর গাড়ি চালান। লিটন রাতে অফিস থেকে হেঁটে সেউজগাড়ির ভাড়া বাসায় ফিরছিলেন।

No comments:

Post a Comment