Tuesday, February 28, 2017

‘চাকরি করার চিন্তা ঝেড়ে ফেলো’

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ছাত্রছাত্রী ও তরুণ-তরুণীদের উদ্দেশে বলেছেন, তোমরা কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বরং মানুষকে চাকরি দেয়ার চিন্তা করো। উন্নত দেশের অনেক কর্মপরিবেশ থাকার কারণ হলো সেখানে অনেক উদ্যোক্তা রয়েছে। সেখানে নিয়মিত উদ্যোক্তা তৈরি হয়। গতকাল সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোকবক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এই লোকবক্তৃতার আয়োজন করে। লতিফুর রহমান বলেন, অনেকে বলেন বাংলাদেশের ম্যানেজমেন্ট ভালো না বা ভালো ম্যানেজমেন্ট পাওয়া যায় না। কিন্তু আমি এটা মনে করি না। কারণ, সব উন্নত দেশে বাংলাদেশিদের সুনাম রয়েছে। সঠিক পরিবেশ দিলে সবাই তার সেরাটা উপহার দিতে পারবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একজনকে ১০ হাজার টাকা বেতন দিচ্ছি। একই কাজের জন্য আরেক কোম্পানি কেন ২০ হাজার টাকা দেবে। তার অর্থ দাঁড়ায় আমার অধীনের লোকটাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারিনি। এখানে দুপক্ষেরই সতর্ক থাকতে হবে। যথাযোগ্য মর্যাদা দিলে সবার মধ্যে চঞ্চলতা থাকবে। কাজও বেশি হবে। তিনি আরো বলেন, এখন মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে ব্যবসা মানে কিছু দুই নম্বরি করতে হবে। সরকারকে কিছু ফাঁকি দিতে হবে। কিন্তু তাদের মনে রাখতে হবে, এটা শর্টটাইম চিন্তা। একটা দেশের ইতিহাসের জন্য ৪০-৫০ বছর কিছুই না। নিজেরা সৎভাবে ব্যবসা করলে নিজে যেমন বড় হবো, দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। জাতি হিসেবে তেমন উন্নত হবো। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও ইনোভেশন এন্ড ইনকিউবেশন সেন্টারের পরিচালক মো. আবু তাহের খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান।
>>>মানবজমিন

No comments:

Post a Comment