রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আবারো সমর্থন প্রকাশ করলেন আমেরিকার
নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার ‘ফক্স নিউজ’কে দেয়া এক
সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি পুতিনকে শ্রদ্ধা করেন। ট্রাম্পকে
প্রশ্ন করা হয়, ‘আপনি কি পুতিনকে শ্রদ্ধা করেন?’
জবাবে ট্রাম্প বলেন, ‘আমি
পুতিনকে শ্রদ্ধা করি। আমি আরো অনেককে শ্রদ্ধা করি। তার মানে এই নয় যে আমি
পুরোপুরি তাদের অনুসরণ করি।’ ট্রাম্প বলতে থাকেন, ‘পুতিনকে রাশিয়ার অধিকাংশ
মানুষ নেতা মানে। আমি বলব, পুতিনকে পরিত্যাগ না করে বরং তার সঙ্গে কাজ
করাটা হবে অপেক্ষাকৃত ভালো সিদ্ধান্ত।’ রাশিয়ার সঙ্গে আইএস কিংবা অন্যান্য
গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার কথাও উল্লেখ করেন তিনি। পাল্টা প্রশ্নে তাকে
বলা হয়, ‘পুতিন তো একজন খুনি!’ জবাবে ট্রাম্প বলেন, ‘চারপাশে অনেক খুনি
আছে। আমরা নিজের দেশেও অনেক খুনি দেখেছি। আপনি কি মনে করেন, যুক্তরাষ্ট্র
নিষ্পাপ?’
মার্কিন কোনো প্রেসিডেন্টের মুখে রুশ প্রেসিডেন্টের প্রশংসার
নজির খুব একটা নেই। তবে ট্রাম্প এর আগেও একাধিকবার পুতিনের প্রশংসা করেছেন।
এমনকি পুতিনকে ‘হিরো’ আখ্যা দিয়েছেন তিনি। ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার সঙ্গে
কাজ করারও। প্রেসিডেন্ট নির্বাচনের আগেও তিনি বলেন, ‘পুতিন রাশিয়ার নেতৃত্ব
দিচ্ছেন এবং তিনি একজন নেতা। আমাদের দেশে এমন জনপ্রিয় নেতা নেই।’ মার্কিন
প্রেসিডেন্ট নির্বাচনেও রাশিয়ার হাত ছিল বলে রিপোর্টে প্রকাশ করেছিল
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

No comments:
Post a Comment