Monday, February 27, 2017

পরিবহন ধর্মঘট অব্যাহত : শ্রমিক ফেডারেশনের হুমকিতে সিএনজি অটোরিকশাও বন্ধ

১০ জেলায় ডাকা পরিবহন ধর্মঘটে চলাচলকারী ইজিবাইক, সিএনজি অটোরিকশাও বন্ধ করে দেয়া হয়েছে। অটো চালকরা জানান, শ্রমিক ফেডারেশনের হুমকিতে তারা সেগুলো বন্ধে বাধ্য হয়েছেন। তারা জানান, গতকাল রাতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং করে এই যানগুলো চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয় পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি। এরপর থেকে বাধ্য হয়ে চালকরা তা বন্ধ করে দেন।  এর আগে রোববার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের শুরু হয়।
গত শনিবার দুপুরে যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির এক সভা থেকে এ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। ধর্মঘটের ফলে খুলনা থেকে সড়কপথে ঢাকাসহ অভ্যন্তরীণ ১৮টি পথে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই সব এলাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। নগরীর মধ্যে ইজিবাইক ও অটোরিকশা বন্ধ করে দেওয়ায় সকালে অফিসগামী যাত্রীদের চরম বিড়ম্বনায় পড়তে হয়।

No comments:

Post a Comment