ত্রাতার
নাম সেই লিওনেল মেসি। রবিবার লা লিগায় আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে
রুদ্ধশ্বাস ম্যাচে ৮৬ মিনিটে আর্জেন্টিনীয় তারকার গোলেই তিন পয়েন্ট নিশ্চিত
করল বার্সেলোনা। তবে সেখানেই শেষ নয়। প্রিয় দলের জার্সিত রোববার ভিসেন্তে
কালদেরনে জিতলেন ৪০০তম ম্যাচও। চলতি মরসুমে এই নিয়ে ২০ গোল হয়ে গেল তাঁর।
২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা। দুই ম্যাচ কম
খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। তবে সেই বিষয় নিয়ে মাথা
ঘামাতে রাজি নন বার্সেলোনা ম্যানেজার লুইস এনরিকে। তিনি বলেছেন, ‘‘এই ধরনের
ম্যাচ জেতার বিশেষ এক তৃপ্তি রয়েছে।
আতলেতিকো দে মাদ্রিদের মতো দলের
বিরুদ্ধে এই জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।’’ মেসি সম্পর্কে এনরিকে
বলেছেন, ‘‘ওর অপূর্ব ফুটবল এবং গোল সমস্ত প্রশ্নের জবাব দেয়ার জন্য
পর্যাপ্ত বলেই মনে করি আমি।’’ ম্যাচের ৬৪ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে
গিয়েছিল বার্সা। তবে ছয় মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরান দিয়েগো গডিন।
উদ্বিগ্ন বার্সেলোনা শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন মেসি। তাঁর শট আতলেতিকো
গোলকিপার স্যাভিচের গায়ে লেগে ফেরার সময় বাঁ পায়ের আলতো টোকায় তা গোলে
পাঠান।

No comments:
Post a Comment