Saturday, February 25, 2017

ক্রিকইনফোর পুরস্কার মিরাজ ও মোস্তাফিজের

ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। শুক্রবার রাতে এ ঘোষণা দেয়া হয়। এ নিয়ে টানা দুইবার বাংলাদেশী ক্রিকেটাররা এ পুরস্কার জিতে নিয়েছে। এর আগে ২০১৫ সালের ক্রিকইনফো বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার হয়েছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান। কাকতালীয়ভাবে সম্প্রতি সাংবাদিকদের মিরাজ বলেছিলেন, ‘মোস্তাফিজুর রহমানই আমার প্রেরণা।’ পাঠকের ভোটে ক্রিকইনফোর ২০১৬ সালের সেরা অভিষিক্ত ক্রিকেটার হয়েছেন মিরাজ। পুরস্কৃত হয়েছেন মুস্তাফিজও। বাঁ-হাতি পেসার পেয়েছেন ২০১৬ সালের সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের পুরস্কার। গত বছর মাত্র দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলেই পুরস্কার জিতে গেছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে অভিষেকেই ৭ উইকেট পাওয়ার পর ঢাকা টেস্টে ১২ উইকেট-ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক তিনি।
টি-টোয়েন্টিতে চমকে দেয়া জসপ্রীত বুমরা, মাত্র দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা করুণ নায়ার ও জয়ন্ত যাদব ছিলেন ক্রিকইনফোর সেরা অভিষিক্ত হওয়ার লড়াইয়ে। ছিলেন অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্ব, নিউজিল্যান্ডের জিত রাভাল, দক্ষিণ আফ্রিকার স্টিভেন কুক, ওয়েস্ট ইন্ডিজের এলভিন লুইস, ইংল্যান্ডের হাসিব হামিদ ও কিটন জেনিংস! সবাইকে হারিয়ে শেষ পর্যন্ত বিজয়ী মিরাজ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে কলকাতার ইডেন গার্ডেনে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ত অলআউট হয় ১৪৫ রানে। মোস্তাফিজ নেন ২২ রানে ৫ উইকেট। টি-টোয়েন্টিতে যেটি বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেরা বোলিং। ম্যাচটা ৭৫ রানে হেরে যাওয়ায় মোস্তাফিজের আনন্দটা তখন হয়তো পূর্ণতা পায়নি। তবে সেটা পুষিয়ে গেছে পুরস্কার জিতে। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে হারিয়ে মোস্তাফিজ জিতেছেন এ পুরস্কার।

No comments:

Post a Comment