মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে
অস্ট্রেলিয়াজুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার বিক্ষোভকারী। যুক্তরাষ্ট্রের
সঙ্গে অস্ট্রেলিয়ার শরণার্থী পুনর্বাসন চুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা
তৈরি হওয়ায় দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। খবর দ্য
গার্ডিয়ানের।
মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, নিউক্যাসল ও হোবার্টসহ বিভিন্ন
শহরে ওইসব বিক্ষোভে শরণার্থী বিষয়ে অস্ট্রেলিয়ার আটক নীতির সমালোচনা ও তা
সমাপ্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। মানুস আইল্যান্ড ও নাউরুতে
অস্ট্রেলীয় বন্দি শিবির থেকে ১ হাজার ২৫০ জন শরণার্থীকে যুক্তরাষ্ট্রে
পুনর্বাসনের চুক্তি হয় ওবামা প্রশাসনের সঙ্গে। গত সপ্তাহে প্রেসিডেন্ট
ট্রাম্পের সঙ্গে এক ফোনকলে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ট্রাম্পকে ওই
চুক্তির কথা স্মরণ করিয়ে দিলে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে এ যাবৎকালের সবচেয়ে খারাপ ও নির্বোধ চুক্তি বলে
অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই শরণার্থী চুক্তির ও সমুদ্রতীরের
বন্দি শিবিরে শরণার্থী আটক রাখার ব্যাপারে অস্ট্রেলিয়ার সমর্থন দেশটিতে
বিক্ষোভ-আন্দোলন উসকে দিয়েছে। শনিবার সিডনিতে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র
কনস্যুলেট অভিমুখে মার্চ করেছে। এ সময় বিক্ষোভকারীরা ‘নির্বোধ ট্রাম্প,
নির্বোধ ট্রাম্প’ বলে স্লোগান দিতে থাকে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড শহরের
আইনজীবী অ্যাডাম রিচার্ডস ও তার ১৩ বছর বয়সী ছেলে নেড অ্যাডিলেইড থেকে পায়ে
হেঁটে ক্যানবেরায় এসে বিক্ষোভে যোগ দেন। রিচার্ডস বলেন, ‘আমাদের লক্ষ্য
হচ্ছে, মানুষ ও নাউরু বন্দি শিবির বন্ধ করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করা।’

No comments:
Post a Comment