Saturday, February 11, 2017

মাছের ট্রলারে মিলল ইয়াবার বড় চালান

কক্সবাজারের ইনানী-হিমছড়ি পয়েন্টের গভীর সাগর থেকে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ একটি মাছধরা ট্রলার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় ট্রলারে থাকা মিয়ানমারের ৫ নাগরিকসহ নয়জনকে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। আটকেরা হলেন - সুলতান আহম্মদ (৪০), খাগড়াছড়ির রামগড় মালবাগান এলাকার মিজানুর রহমান (৪৭), লক্ষ্মীপুরের রামগতির সুজনগ্রামের আবদুর রউফ (৪৫), রংপুর মিঠাপুকুর গয়েশপুর এলাকার আবদু রাজ্জাক মিয়া (৫৫),  এবং মিয়ানমারের নাগরিক উখিয়ার কুতুপালং ক্যাম্পে বসবাসকারি হাবিবুল্লাহ (৩৭), জাহিদ হোসেন (৩০), আবদুল হামিদ (২০) এবং মংডু মুন্সিপাড়ার জাহাঙ্গীর (১৯) ও ওসমান গনি (২০)। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন শনিবার বেলা সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, চোরাকারবারিদের বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র মাছের ব্যবসার আড়ালে মিয়ানমার থেকে ইয়াবার চালান দেশে নিয়ে আসছে।
তিনি জানান, শুক্রবারও একটি বড় চালান সমুদ্রপথে দেশে ঢুকছে এমন খবর পেয়ে সাগরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টায় র‌্যাবের আভিযানিক দল জেলা ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় গভীর সমুদ্রে মাছধরা ট্রলারটি ধরতে অভিযানে নামে। মেজর রুহুল আমিন আরো জানান, সন্ধ্যার দিকে এফবি জানিবা খালেদা-১ নামের ট্রলারটি শনাক্ত করে থামতে বললে তারা পালাতে চেষ্টা করে। ধাওয়া করে ট্রলারটি ধরে তল্লাশির পর মাছ রাখার প্রকোষ্ঠের ভেতর লুকানো অবস্থায় ইয়াবার বড় এই চালানের সন্ধান মেলে। গ্রেফতারকৃতরা ইয়াবা নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করার কথা স্বীকার করেছে বলে জানান মেজর রুহুল আমিন। ইয়াবাগুলো কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরার সুলতান আহম্মদের। পরবর্তীতে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে সুলতান আহম্মদের বাসা থেকে আরো ৫০ হাজার  ইয়াবা জব্দ করে ও তাকে আটক করে।

No comments:

Post a Comment