শুরুতেই
ফিটনেস যাচাই। এরপর রানিং ও ক্যাচিং অনুশীলন। খেলোয়াড়দের পরখ করে নিলেন
ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। সময় স্বল্পতার কারণে ফিটনেস নিয়ে বেশি কাজ
করার সুযোগ নেই। তবে শ্রীলংকা সফরে ফিট দলের নিশ্চয়তায় টুকটাক কাজ সেরে
নিচ্ছেন তিনি। আর এসবের মধ্যে মোস্তাফিজুর রহমানকে পুরোপুরি ফিট মনে হয়েছে
মারিও’র। দলের বাকি সদস্যরাও ফিট। শ্রীলংকা সফরের আগে প্রথমদিনের অনুশীলনের
ফাঁকে শুক্রবার মিরপুর একাডেমি মাঠে এমনটাই জানালেন টাইগার ট্রেনার।
ভিল্লাভারায়ান বলেন, ‘মোস্তাফিজ তো ম্যাচ খেলেছেই (বিসিএল)। এখন আর কোনো
বাধা নেই। বাধা থাকলে তাকে দলে নেয়া হতো না। আজ (কাল) যা দেখেছি তাতে সে
পুরোদমেই ফিরবে।’ নসর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলংকা বাজে খেলেছে। এরপর
অস্ট্রেলিয়ায় টি২০-তে ঘুরে দাঁড়িয়ে ২-১-এ সিরিজ জিতেছে লংকানরা। দেশে তারা
সবসময়ই ভয়ংকর।
তারপরও মারিও মনে করছেন, বাংলাদেশ তাদের সঙ্গে ভালোভাবেই
টক্কর দেবে। তিনি বলেন, ‘এই শ্রীলংকা দল তরুণদের নিয়ে গড়া। বাংলাদেশ দলের
তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ আছে! ওদের সঙ্গে টক্করটা এবার বেশ ভালো হবে।’
মারিও বলেন, ‘অভিজ্ঞতাই আমাদের এগিয়ে রাখছে। আকর্ষণীয় সিরিজ হতে যাচ্ছে।
ক্রিকেটাররা সবাই মুখিয়ে খেলার জন্য। যদি নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারে
তাহলে সিরিজ জেতার ভালো সুযোগ রয়েছে।’ কাল অনুশীলন করা ১৩ ক্রিকেটারের
ফিটনেস নিয়ে ট্রেনার বলেন, ‘ক্রিকেটারদের ফিটনেস এই মুহূর্তে কোন অবস্থায়
আছে সেটা নিয়েই আজ (কাল) কাজ করেছি আলাদাভাবে। শ্রীলংকা সফরেও এ নিয়ে কাজ
করতে পারব। ফিটনেস ক্যাম্প করার মতো সময় আমাদের নেই। সে কারণেই আমি সফরের
মধ্যেই তাদের নিয়ে কাজ করব।’ তিনি আরও বলেন, ‘এই সময়ের মধ্যে ক্রিকেটাররা
অনেক ম্যাচ খেলেছে। ব্যাটিং-বোলিংয়ের কথা যদি বলতে হয়, তারা অনেক সময়
পেয়েছে। তাদের ছুটির প্রয়োজন ছিল। তারা সেটা পেয়েছে।’ চারদিনের অনুশীলন
ক্যাম্প শেষে ২৮ ফেব্রুয়ারি শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে ২-৩
মার্চ দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ। ৭ মার্চ শুরু হবে প্রথম টেস্ট।

No comments:
Post a Comment