Monday, February 20, 2017

২৫ ফেব্রুয়ারি ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধন

আগামী ২৫ ফেব্রুয়ারি বিজিএমইএর উদ্যোগে ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭। ‘টুগেদার ফর এ বেটার টুমোরো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ঢাকা অ্যাপারেল সামিট আয়োজন করা হচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা অ্যাপারেল সামিট অনুষ্ঠিত হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপারেল সামিটের উদ্বোধন করবেন। রোববার এ উপলক্ষে বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানান, ৩টি সেশনে ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭ অনুষ্ঠিত হবে। সামিটে তিনটি পর্বে আলোচনার আয়োজন থাকছে। প্রথম পর্বের আলোচনায় ‘বিজনেস পলিসি অ্যান্ড এনভায়রনমেন্ট : টুওয়ার্ডস এ বেটার বাংলাদেশ।’ দ্বিতীয় পর্বে থাকছে কোলাবোরেটিভ অ্যান্ড রেসপনসিবল সোর্সিং ফর সাসটেইনেবল গ্রোথ’ এবং শেষ পর্বে ‘বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি : ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য রোড অ্যাহেড’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।
এসব আলোচনায় সরকারের প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, ব্র্যান্ড ক্রেতা ও তাদের জোট, দেশী ও আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। দ্বিতীয়বারের মতো অ্যাপারেল সামিটের আয়োজন সম্পর্কে বিজিএমই সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমরা দেশের পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাই। সে লক্ষ্য অর্জনে উদ্যোক্তার কর্মপ্রচেষ্টার সঙ্গে সব শ্রেণী-পেশার প্রতিনিধিদের গঠনমূলক পরামর্শ নিয়ে এগোতে চাই। মূলত সে লক্ষ্য নিয়েই এ সামিটের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু উপস্থিত থাকবেন। এছাড়া সামিটে বেসরকারি খাত, দাতা সংস্থা, ব্র্যান্ড ক্রেতা ও ব্র্যান্ড শ্রমিকদের সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন।

No comments:

Post a Comment