আজ
সবার সব পথ এসে মিলবে এক অভিন্ন গন্তব্যে। সেই গন্তব্য কেন্দ্রীয় শহীদ
মিনার, বাঙালি জাতিসত্তার ঐতিহ্যের মিনার। ভেদাভেদ ভুলে নারী, পুরুষ বসন্তে
ফোটা ফুলের স্তবক হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে যাবে মিনারের দিকে। কণ্ঠে
থাকবে চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি
কি ভুলিতে পারি...’ ভাষা শহীদদের প্রতি অন্তরের অন্তস্তল থেকে নিবেদিত
শ্রদ্ধার ফুলে ফুলে বর্ণিল হয়ে যাবে শহীদ মিনারের বেদি। আজ অমর একুশে
ফেব্রুয়ারি, রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ থেকে ৬৫ বছর আগে বাংলা মায়ের বীর সন্তানেরা
মাতৃভাষার সম্মান রক্ষার্থে ১৯৫২ সালের এ দিনে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন
ঢাকার রাজপথ। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য রফিক, সালাম,
বরকত, সফিউর, জব্বারদের আত্মদানের অভূতপূর্ব নজির। তাদের রক্তে শৃংখলমুক্ত
হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা- বাংলা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে
সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন
বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে
ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। মাতৃভাষার
জন্য বাঙালির আত্মদানের এ অনন্য ঘটনা স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক বিশ্বে।
১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস। আজ বাঙালির সঙ্গে সারা বিশ্বে দিনটি পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহর
থেকেই জাতি কৃতজ্ঞচিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। বরাবরের মতোই এবারও
মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয় সোমবার বিকালেই। রাজধানীর দোয়েল
চত্বর, চানখাঁরপুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, পলাশী মোড় থেকে শহীদ
মিনারগামী পথগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এসব পথে ঐতিহ্যবাহী
আলপনা আঁকতে ব্যস্ত হয়ে ওঠেন চারুকলা অনুষদের নবীন শিল্পীরা। দিবসটি
উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয়
নেত্রী রওশন এরশাদ, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম
এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার
বাণীতে বলেছেন, একুশে ফেব্রুয়ারি বিশ্বের সব ভাষাভাষীর প্রেরণার উৎস।
পৃথক
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ভেদাভেদ ভুলে একুশের চেতনায় উদ্বুদ্ধ
হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা
জিয়া তার বাণীতে বলেছেন, ‘আমাদের ভাষা ও সংস্কৃতি এখনও বিজাতীয় আগ্রাসন
থেকে মুক্ত হয়নি।’ আজ সরকারি ছুটির দিন। দেশের সর্বত্রই আজ প্রভাতফেরি করে
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হবে শহীদদের
স্মৃতির প্রতি। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও
শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একুশে ফেব্রুয়ারি ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরেই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয়
নেতা রওশন এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক ব্যক্তিত্বদের
শ্রদ্ধা নিবেদনের পরপরই শহীদ মিনারে শুরু হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
নিবেদন। বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে, খালি পায়ে আবাল-বৃদ্ধ সবাই
শামিল হবেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য। শুধু ঢাকাতেই নয়, সারা
দেশের স্কুল-কলেজ, জেলা ও থানা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে
শ্রদ্ধা জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ। একুশের চেতনা আমাদের
আত্মমর্যাদাশীল করেছে। দুর্জয় সাহস জুগিয়েছে। ‘একুশ মানে মাথা নত না করা’-
চিরকালের এ স্লোগান আজও সমহিমায় ভাস্বর। একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে তীব্র
প্রতিবাদ, যাবতীয় গোঁড়ামি আর সংকীর্ণতার বিরুদ্ধে শুভবোধের অঙ্গীকার।
কর্মসূচি : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি সহকারে আজিমপুরে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। আগামীকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের আলোচনা সভা। বিএনপি এ উপলক্ষে সোমবার এক আলোচনা সভার আয়োজন করে।
কর্মসূচি : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি সহকারে আজিমপুরে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। আগামীকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের আলোচনা সভা। বিএনপি এ উপলক্ষে সোমবার এক আলোচনা সভার আয়োজন করে।

No comments:
Post a Comment