পদত্যাগ
করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এশিয়ান-আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয়
দ্বীপপুঞ্জ বিষয়ক উপদেষ্টা পরিষদের আরও ১০ সদস্য। বারাক ওবামার আমলে নিয়োগ
পাওয়া এ উপদেষ্টারা বৃহস্পতিবার এক চিঠিতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পকে তাদের পদ ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে
তারা গত মাসের শেষদিকে অভিবাসন ও শরণার্থীদের নিয়ে ট্রাম্পের দেওয়া
নির্বাহী আদেশ এবং ওবামার আমলে নেওয়া স্বাস্থ্যসেবা বাতিলকে কারণ হিসেবে
উল্লেখ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে পরিষদের চেয়ার টাং টি নিগুয়েন ও ভাইস
চেয়ার মেরি ওকাদা ছাড়াও আছেন মাইকেল বিউন, ক্যাথি কো চিন, জ্যাকব
ফিটিজিমানো, ডেফনি কোয়াক,
ডি জে মেইলার, মলিক পাঞ্চলি, লিন্ডা ফেন, সনজিতা
প্রধান। স্বাস্থ্যসেবা ও অভিবাসী নিয়ে ট্রাম্পের দুই আদেশ যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্টের এশিয়ান-আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বিষয়ক
পররাষ্ট্র নীতির লঙ্ঘন বলেও দাবি করেন তারা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্টের এ বিষয়ক উপদেষ্টা পরিষদের ২০ সদস্যের ১৬ জনই দায়িত্ব ছেড়ে
দিলেন। পরিষদের সদস্য বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদসহ ৬ জন এর আগে
ট্রাম্পের শপথের দিন ২০ জানুয়ারি পদত্যাগ করেছিলেন। বাকি চারজনের মেয়াদ
থাকছে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট
বিল ক্লিনটনের আমলে ১৯৯৯ সালে প্রথম এ এশিয়ান-আমেরিকান ও প্রশান্ত
মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠিত হয়।
সূত্র: এনবিসি নিউজ
সূত্র: এনবিসি নিউজ

No comments:
Post a Comment